এ এক অভিনব উপায়। কৃত্রিম মেঘ সৃষ্টি করে আকাশ থেকে ঝড়ানো হবে বৃষ্টি। বৃষ্টি ঘাটতি মেটাতেই এই অভিনব উপায়ের সাহায্য নিতে চলেছে মহারাষ্ট্র সরকার।
মহারাষ্ট্রের ৩৬ জেলার ২৪ টিতেই রয়েছে বৃষ্টি ঘাটতি। মারাথওয়ারা এবং ভিদর্ভা অঞ্চলের দেখা দিয়েছে খরা। প্রায় ২৮ থেকে ৩০ শতাংশ বৃষ্টি ঘাটতি রয়েছে এই অঞ্চলগুলোতে৷ জলের অভাবে ব্যহত হচ্ছে কৃষিকাজও। আর তাই ‘ক্লাউড সিডিং’ অর্থাৎ কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার।
সূত্রের খবর, এই প্রক্রিয়া ঘটানোর জন্য ইতিমধ্যেই বিদেশী এক সংস্থার এক বিশেষ বিমান, বৈজ্ঞানিকরা, এবং প্রযুক্তিবিদরা এসে পৌঁছেছেন মহারাষ্ট্রের মারাথওয়ারাতে। ‘ক্লাউড সিডিং’ পদ্ধতিতে মেঘে থাকা জ্বলীয় বাষ্পকে একত্রিত করে জলের বিন্দুতে পরিণত করা হয়৷ যার ফলে কৃত্রিম ভাবে সৃষ্টি হয় বৃষ্টির মেঘ আর থেকেই হয় বৃষ্টি। এর জন্য এক বিশেষ বিমানের মাধ্যমে বা ভূপৃষ্ঠ থেকে মেঘে সিলভার আয়োডাইড স্প্রে করা হয়ে থাকে৷ এই কৃত্রিম উপায়ে এর পূর্বে অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি এমনকি মার্কিনের বৃষ্টিপাত ঘটানো হয়েছে।





