গতকাল রাত ২ টো বেজে ৫১ মিনিটে চন্দ্রযান – ২ কে নিয়ে চাঁদের দিকে উড়ে যাওয়ার কথা ছিল ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-এর, যার ডাক নাম বাহুবলী।
সেই উপলক্ষেই গতকাল সকাল থেকেই শ্রীহরিকোটায় ছিল ব্যাস্ততা। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল কাউন্টডাউন৷ ইসরোর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হতে থাকে প্রতি মুহূর্তের আপডেট। জ্বালানিও ভরা হয়ে যায় ‘বাহুবলী’ তে। কিন্তু শেষ অবধি এবং শেষ মুহূর্তে উৎক্ষেপণের মাত্র ৫৬ মিনিট পূর্বে ইসরোর তরফে জানানো হয় যে চন্দ্রযান – ২ এর উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে৷
কেনো এই অভিযান স্থগিত করা হলো তা নিয়ে বিস্তারিত জানায়নি ইসরো। তবে জানা গিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে৷ ফের কবে এই উৎক্ষেপণ করা হবে তা নিয়েও কিছু জানা যায়নি। ইসরোর বিজ্ঞানীরা জানান যে একবার উৎক্ষেপণ স্থগিত হলে অনেক জটিল প্রক্রিয়ার মাধ্যমে ফের উৎক্ষেপণ সম্ভব, তবে তার জন্য ১ সপ্তাহ থেকে ১ মাসও লেগে যেতে পারে। এদিন ‘বাহুবলী’ চন্দ্রযান – ২ কে নিয়ে উড়ে গেলে আগামী ৬ ই সেপ্টেম্বর চাঁদের মাটি স্পর্ষ করতো চন্দ্রযান – ২। নয়া পালক জুড়তো ইসরোর মুকুটে। আপাতত উৎক্ষেপণ স্থগিত হওয়ায় স্থগিত হয়ে গেলো সেই পালকের সংযুক্তিকরণও।