সফল উৎক্ষেপণ ‘চন্দ্রযান-২ ‘ এর। অভিনন্দন ইসরো-কে।

আজ শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হলো চন্দ্রযান – ২ এর। এর পূর্বে গত ১৫ জুলাই এই উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে ১৫ জুলাইয়ের উৎক্ষেপণ স্থগিত করা হয়৷ এরপর কিছুদিন আগেই ইসরোর তরফে জানানো হয় যে ২২ জুলাই উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান – ২ এর৷ সেইমতোই আজ সকাল থেকেই ব্যস্তাতা শুরু হয়ে যায় শ্রীহরিকোটায়। শেষ অবধি আজ দুপুর ২ টো বেজে ৪৩ মিনিট নাগাদ পৃথিবীকে ছেড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান – ২৷

আজ দুপুর ২ টো বেজে ৪৩ মিনিটে সফল উৎক্ষেপণ হয় চন্দ্রযান – ২ এর৷ চন্দ্রযান – ২ কে নিয়ে উড়ে যায় ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক – থ্রী, ওরফে ‘বাহুবলী’। উড়ানের ১৬ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টি যথেষ্ট উৎকন্ঠা নিয়ে কাটান ইসরোর বিজ্ঞানীরা। ১৬ মিনিট উড়ান শেষে ‘বাহুবলী’ চন্দ্রযান – ২ কে তার নির্দিষ্ট কক্ষপথে সফল ভাবে পৌঁছে দেওয়ার পরই উৎসবের আকার নেয় ইসরো। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ চন্দ্রযান-২ পৌঁছে যাবে চাঁদের দেশে৷ এই অভিযানে ভারতের মোট খরচ হয়েছে ১০০০ কোটি টাকা।

 

লঞ্চ ভেহিকেলে থাকছে একটি অর্বিটার, একটি ল্যান্ডার এবং একটি রোভার নাম প্রজ্ঞান৷ এর অর্বিটারটি চাঁদের ভূপৃষ্ঠ থেকে পরীক্ষা করবে বিভিন্ন খনিজ পদার্থগুলোর। সেগুলোর ছবিও তোলা হবে। করা হবে ম্যাপিংও। ল্যান্ডার অংশ ভূমিকম্প সহ চাঁদের ভূপৃষ্ঠের নানান গতিবিধি রেকর্ড করবে। এবং রোভার প্রজ্ঞান প্রায় ১৪ দিন ধরে চাঁদের দক্ষিণ প্রান্তে ঘুরে ঘুরে চালাবে বিভিন্ন পর্যবেক্ষণ।

এই মিশনটি সফল হলে ভারত চাঁদে যান পাঠানো দেশ হিসেবে বিশ্বের চতুর্থ স্থান অধিকার করবে। এর পূর্বে চাঁদে যান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন৷ ইসরো – এর বিজ্ঞানীরা জানান যে, চন্দ্রযান – ২ চাঁদের সেই অংশে যেতে চলেছে যে অংশে এর পূর্বে আর কখনো কোনো দেশের যান যায়নি। ফলস্বরূপ চন্দ্রযান – ২ এর এই অভিযানটি নিয়ে যথেষ্টই আশাবাদী ইসরোর বিজ্ঞানরীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর