গত রবিবার অর্থাৎ ৩১শে জানুয়ারি ছিল বছরের প্রথম পোলিও টিকাকরণের কর্মসূচী। ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য যা অতীব গুরুত্বপূর্ণ। তবে এই কর্মসূচীতেই হল চূড়ান্ত অবহেলা। দুধের শিশুদের পোলিও টিকার পরিবর্তে খাওয়ানো হল স্যানিটাইজার। এবার এই কাজ ভুলবশত, নাকি কোনও চক্রান্ত, এই নিয়ে চলছে তদন্ত।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের যুবতমল জেলায়। জায়গাটি ব্যস্তশহর মুম্বই থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে। জানা যায়, গত রবিবার পোলিও টিকাকরণের কর্মসূচী হয় সংশ্লিষ্ট এলাকার একটি প্রাইমারি স্কুলে। পোলিও ক্যাম্পে চলছিল ৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পোলিও টিকাকরণ। এই কর্মসূচীতেই ১২ জন শিশুকে পোলিওর জায়গায় দেওয়া হয় স্যানিটাইজারের ড্রপ।
জানা গিয়েছে, পোলিও বোতলেই ভরা ছিল স্যানিটাইজার। ১২ জন শিশুর প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ।
যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল এই বিষয়ে বলেন, “৫ বছরের কম ১২ জন শিশুকে পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে ও তার শরীর খারাপ হয়। এরপরই গোটা ঘটনাটি সামনে আসে। এরপর পোলিওর বোতল পরীক্ষা করা হলে দেখা যায় তাতে স্যানিটাইজার ভরা। ১২ জন শিশুকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই সুস্থ আছে। এই ঘটনার পর পোলিও কেন্দ্রে উপস্থিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের বরখাস্ত করা হয়েছে”।
শিশুদের পরিবারের লোকজনদের অভিযোগ পোলিও কেন্দ্রে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অসতর্কতা ও অবহেলার কারণেই এই ঘটনা ঘটেছে। বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে তাদের সন্তানরা।





