Breaking: ৩রা মে-র পর থেকে আরও দু সপ্তাহ লকডাউন বাড়লো দেশজুড়ে

দেশজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ। তৃতীয় দফায় আরও ২ সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি এখন যে রকম, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এই চোদ্দ দিনে কোন কোন ক্ষেত্রে কী ধরনের কার্যকলাপ চলবে অথবা চলবে না, তা নিয়েও কেন্দ্র এ দিন নতুন নির্দেশিকা জারি করেছে। গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে অনেক বিধিনিষেধই শিথিল করার দিকে কেন্দ্র।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে। সেই বৈঠকেই করোনা পরিস্থিতি এবং লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে পর্যালোচনা হয়। তার পরে সন্ধ্যা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রেস বিবৃতি প্রকাশ করে লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

অরেঞ্জ ও গ্রীন জোন গুলি‌ কিছুটা ছাড় পেলেও নতুন নির্দেশিকা অনুসারে, অঞ্চল নির্বিশেষে সীমিত সংখ্যক কার্যক্রম সারা দেশে নিষিদ্ধ থাকবে। যেমন বিমান, রেল, মেট্রো এবং আন্তঃরাষ্ট্রীয় যান চলাচল নিষিদ্ধ থাকবে। স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান; হোটেল এবং রেস্তোঁরা সহ বিভিন্ন পরিষেবা; সিনেমা হল, শপিং মল, জিম এবং স্পোর্টস কমপ্লেক্সের মতো বড় বড় জমায়েতের স্থানগুলিও বন্ধ থাকবে।

এর মধ্যে সরকার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য ধরণের কোন‌ও সমাবেশের অনুমতি দেবে না এবং এক‌ই সঙ্গে বন্ধ থাকবে যে কোন‌ও ধর্মীয় স্থান। কোন‌ও বিশেষ কারণেই একমাত্র স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে মানুষ বিমান, রেল ও সড়ক পথে যাতায়াত করতে পারবেন।

আরও অন্যান্য খবর