মানবিক ভারতীয় ডাক। লকডাউনের মধ্যেই ক্যানসারে আক্রান্ত শিশুর কাছে পৌঁছল বাক্স ভর্তি ওষুধ।

করোনা আবহে মানবিকতার পরিচয় দিলো ভারতীয় ডাক। দিল্লি থেকে হিমাচল প্রদেশের উনায় ওষুধ পৌঁছে দিল ডাক বিভাগ। মাত্র ৮ বছরের শালিনী পেল তাঁর সঞ্জীবনী। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়েছে।

হিমাচল প্রদেশের উনার বাসিন্দা ছোট্ট শালিনী ক্যানসারে আক্রান্ত। গতকাল তার ওষুধ ফুরিয়ে যাওয়ার কথা ছিল। লকডাউনের মধ্যে মেয়ের ওষুধ খুঁজে খুঁজে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন শালিনীর বাবা ও মা। শেষমেষ তাঁদের খবর পৌঁছয় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কানে। তাঁর হস্তক্ষেপে লকডাউনের মধ্যেই শালিনীর কাছে তাঁর ওষুধ পৌঁছে দেয় ডাক বিভাগ।

শালিনীর বাবা মা বুঝতে পেরেছিলেন, লকডাউনের কারণে মেয়ের ওষুধের কুরিয়ার ডেলিভারি আসবে না। অথচ ১৯ তারিখ ফুরিয়ে যাবে ওষুধ। তাঁরা দিল্লিতে এক বন্ধুর সাহায্য চান। সেই বন্ধুর পরিবার এই ব্যাপারে অনুরোধ জানায় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। রবিশঙ্কর ডাক বিভাগকে নির্দেশ দেন, ১৯ তারিখের আগে যেভাবেই হোক, শালিনীর কাছে ওষুধ পৌঁছে দিতে। এ ব্যাপারে সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে যোগাযোগ করে ডাক বিভাগের চারটি সার্কেল- দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও হিমাচল প্রদেশ। পঞ্জাব সার্কল একটি পোস্টাল মোটর ভ্যানেরও ব্যবস্থা করে। তাতে করেই ১৯ তারিখ সকালে ছোট্ট শালিনীর হিমাচলের বাড়িতে পৌঁছে যায় ওষুধ ভর্তি বাক্স।

শালিনীর মা ভারতীয় ডাককে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন। ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন রবিশঙ্কর প্রসাদও। ওষুধ ছাড়াও এই লকডাউনের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কাছে টেস্টিং কিট ও পিপিই পৌঁছে দিচ্ছে ভারতীয় ডাক।

আরও অন্যান্য খবর