দেশের অবস্থা ধীরে ধীরে কঠিন হচ্ছে। আক্রান্ত সংখ্যা চার হাজার ছুঁতে চলেছে শীঘ্রই। মৃত্যু সংখ্যা ৭৭। আশার কথা, সুস্থ হয়ে উঠেছেন ২৭৭ জন। গোটা দেশ লকডাউনে বিপর্যস্ত। দেশের সমস্ত নেতা-মন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে বলছেন করোনার বিরুদ্ধে। ২২শে মার্চ করোনার বিরুদ্ধে জনতা কার্ফুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টা ও থালা বাজিয়ে, করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানিয়েছিলেন। মানুষ তাঁর সেই আহ্বানে সাড়া দিয়েছিল।

এবার রবিবার রাত নয়টায় মোমবাতি জ্বালিয়ে দেশকে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। এইদিন ঘরের সকল আলো নিভিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নয়মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ এমনকি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন মোদী। তাঁর এই পরিকল্পনায় সামিল হলেন দেশজুড়ে সকলেই। রাত নয়টা বাজতেই ব্যালকনিতে হাজির হন দেশবাসী, জ্বলে ওঠে মোমবাতি, প্রদীপ। অনেকে টর্চ জ্বেলে এই উদ্যোগে সামিল হন। মোবাইলের ফ্ল্যাশ লাইটেও আলোকিত হয়ে ওঠে ভারত।
পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় জাতিধর্ম নির্বিশেষে এই উদ্যোগে সামিল হলেন সকলেই। ঘরে ঘরে জ্বলে উঠলো মোমবাতি। আকাশে দেখা গেল টর্চ ও মোবাইলের আলো। বন্ধ ছিল ঘরের সমস্ত আলো। ফানুস ও ওড়ান অনেকে, চারিদিকে অকাল দীপাবলিতে মেতে ওঠে মানুষ। চারিদিকে যেন এক উৎসবের আমেজ। করোনাকে দ্রুত দেশ থেকে হঠাতে ঐক্যবদ্ধ হলেন সকলেই।





