আমাদের ভারত সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশ। যদিও এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে তবুও হাজার রেষারেষির মধ্যেও ধর্মনিরপেক্ষতা কিন্তু ভারতে তার মহিমা বজায় রেখেছে। সম্প্রতি তার নিদর্শন পাওয়া গেল অযোধ্যায়। অযোধ্যায় রাম মন্দির করার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কিন্তু অর্থ থেকে ইঁট সবকিছুই দান করেছিলেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে রাম জন্মভূমিতে রামলাল্লার মূর্তি স্থাপনে হিন্দুদের সঙ্গে অনেক মুসলিমও কিন্তু এগিয়ে এসেছিলেন।
এবার অযোধ্যায় নতুন মসজিদ গড়ে তোলার সময় এগিয়ে এলেন হিন্দুরা। শীর্ষ আদালতের নির্দেশে যে পাঁচ একর জমির ওপর মসজিদ গড়ে ওঠার কথা তার জন্য প্রথম অনুদান দিলেন এক হিন্দু। এই মসজিদ ট্রাস্টের সচিব আতহার হুসেন জানিয়েছেন, রোহিত শ্রীবাস্তব নামে লখনৌ বিশ্ববিদ্যালয়ের এক কর্মী সবার প্রথম এই মসজিদ নির্মাণের জন্য ২১ হাজার টাকা দান করেছেন।
সুন্নি ওয়াকফ বোর্ডের তৈরি ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন সরকারের দেওয়া পাঁচ একর জমিতে যে মসজিদ, জাদুঘর, গ্রন্থাগার ও কমিউনিটি কিচেন নির্মাণ করবে সেখানেই এই অর্থ কাজে লাগবে বলে জানা গিয়েছে।
যখন এই বিষয়ে সংবাদমাধ্যম রোহিত শ্রীবাস্তব এর কাছে যায় তখন তিনি বলেন, “আমি যে প্রজন্মের মানুষ সেখানে ধর্মের কোন বেড়াজাল নেই। আমি মুসলিম বন্ধুদের সঙ্গে হোলি আর দিওয়ালি পালন করি। আর ওরা আমাকে ছাড়া ঈদের উৎসব পালন করে না। ভারতে এরকম কোটি কোটি হিন্দু মুসলিমের কাহিনী রয়েছে। আমি অন্যান্য হিন্দু বন্ধুদের বলবো এগিয়ে আসুন। মসজিদের জন্য সাধ্যমত অনুদান দিন।”
অযোধ্যায় যে নতুন মসজিদ গড়ে উঠবে তার জন্য প্রকাশ করা হয়েছে তার লোগো। এগিয়ে গিয়েছে নির্মাণের প্রাথমিক কাজ। ১৫ হাজার বর্গফুট জায়গা নিয়ে মক্কার বিখ্যাত কাবা মসজিদের আদলেই তৈরি হতে পারে এই মসজিদ। তবে এই বিষয়টি এখন আলোচনার স্তরে রয়েছে।





