লোকে বাজার করছেন এমন সময়ই শাবক সহ জনবহুল বাজারে আচমকা হাজির ১২টি গজরাজ (Elephant)। এমনই উত্তেজক ঘটনা ঘটেছে জামবনির ব্লক সদর গিধনির কালীমন্দির চত্বরে। আর তাদের দেখে সবজি ফেলেই দৌড় সকলের। প্রকাশ্য দিবালোকে হাতির দল ঢুকে পড়ায় রীতিমতো উদ্বিগ্ন এলাকাবাসী।
ঝাড়খণ্ড রাজ্যের গিধনি এলাকাটি বেশ জনবহুল। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে ২২টি হাতির দল গিধনি বনাঞ্চলে এসেছে। সেই দলটিই লোকালয়ে ঢুকে ক্ষয়ক্ষতি করছে। বৃষ্টির জন্য হাতি খেদানোর কাজ বাধা পেয়ে গিধনি লাগোয়া কানাইশোলের জঙ্গলে হাতির দলটিকে আটকে ঘুরপথে ঝাড়খণ্ডের দিকে পাঠানোর চেষ্টা করছিলেন বনকর্মীরা।
কিন্তু এদিন ১২টি হাতি দিকভ্রষ্ট হয়ে গিধনি সাঁওতালপাড়া প্রাথমিক স্কুলের ঢালাই রাস্তা দিয়ে লোকালয়ে ঢোকে। একটি বাড়ির পাঁচিলের গ্রিলের দরজাও ভাঙে তারা। এর পর রেল কলোনি হয়ে পূর্বাশা মাঠের ধার বরাবর পিচরাস্তা ধরে হাতির দলটি দ্রুত পায়ে গিধনি কালীমন্দির এলাকার আনাজ বাজারে হাজির হয়। হাতিরা অবশ্য আনাজ খায়নি। শাবক নিয়ে দ্রুত পায়ে লোকালয় থেকে যেন বেরিয়ে যেতে চাইছিল হাতিরা। এই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ক্যামেরা বন্দি করলেন অনেকেই।





