মুখ্যমন্ত্রীর মুখ দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলেছে একটি কুকুর। এটাই তার বড় অপরাধ। আর এর জেরে ওই পথকুকুরকে গ্রেফতার করার দাবী উঠল। পুলিশে অভিযোগ দায়ের করা হল ওই সারমেয়র বিরুদ্ধে। এমন ঘটনায় রাজ্যবাসী পড়েছে বিশাল ফাঁপরে। তারা হাসবেন নাকি কাঁদবেন নাকি ক্ষোভ জারি করবেন, তা বুঝে উঠতেই পারছেন না।
এই আজব ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। অন্যান্য রাজনৈতিক পোস্টারের মতোই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির মুখের ছবি দেওয়া পোস্টার লাগানো ছিল দেওয়ালে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায়, তেমনই একটি পোস্টার ছিঁড়ে ফেলছে একটি কুকুর। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। আর সেই এই ভিডিও নিয়েই সে রাজ্যে তোলপাড় কাণ্ড।
পুলিশ সূত্রে খবর, দাসারি উদয়শ্রী নামে টিডিপি এক মহিলা নেত্রী নিজের দলবল নিয়ে বিজয়ওয়াড়া থানায় হাজির হন। তাঁর অভিযোগ ওই কুকুরের বিরুদ্ধে। ওই কুকুরটিকে গ্রেফতার করার দাবী তোলেন তিনি। দায়ের করা হয় অভিযোগও।
বিরোধী দলের ওই নেত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর মুখ দেওয়া ওই পোস্টার কুকুর ছিঁড়ে ফেলছে, তা দেখে তিনি খুবই কষ্ট পেয়েছেন। কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সম্মানীয় ব্যক্তি। তাই মুখ্যমন্ত্রীর মুখের ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার জন্য যেন কুকুরটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তেমনটাই দাবী করেন ওই নেত্রী।
তিনি আরও দাবী করেন যে ওই কুকুরটিকে গ্রেফতার করার পর পুলিশকে এও খুঁজে বের করতে হবে যে এই ষড়যন্ত্রের পিছনে আসলে ঠিক কারা রয়েছে। আর তাদের বিরুদ্ধেও তারপর পদক্ষেপ করতে হবে পুলিশকে।
এই গোটা বিষয়টিই যে ওই নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে করছেন, তাতে কোনও সন্দেহ নেই। কারণ তিনি মন্তব্য করেন, “এখন রাস্তার কুকুরও মুখ্যমন্ত্রীকে চিনে ফেলছে এবং পোস্টার কামড়ে ছিঁড়ে ফেলছে! এটা খুবই দুর্ভাগ্যের বিষয়”।





