এবার করোনা পরিস্হিতির বিষয় মানুষকে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। সেই অ্যাপের সাহায্যে মানুষ ধারণা করতে পারবেন তাঁর করোনার-ঝুঁকি কতটা। প্রধানমন্ত্রী বারবার এই অ্যাপ ডাউনলোড করতে বলছেন। তারপর থেকে দেশের মানুষ হু হু করে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন। কিন্তু এখনও সবার ফোনে এই অ্যাপ নেই।
এবার এই অ্যাপ বাধ্যতামূলক করা হল নয়ডা শহরে। সেখানে এখন চলছে ১৪৪ ধারা। নয়ডা এখন রেড জোনের অন্তর্গত। তাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে নানান ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এবার থেকে রাস্তায় বের হলেই স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতেই হবে। না হলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ পরিচ্ছেদ অনুসারে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক করবেন তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে, নাকি জরিমানা করা হবে, নাকি সতর্ক করে রেহাই দেওয়া হবে! এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে।
আইন অনুসারে, রাস্তায় বেরোনোর পর যদি কারো ফোনে আরোগ্য সেতু অ্যাপ না থাকে তবে তাকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, অথবা ৬ মাস পর্যন্ত কারাবাসের নির্দেশ দেওয়া যেতে পারে। নাকা চেকিং পয়েন্টগুলিতেও চলছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা হয়েছে কি না তার চেকিং।
যদি কারো মোবাইল ডেটা না থাকে, তবে? প্রশাসনের তরফে জানানো হয়েছে, ডেটা না থাকলেও অসুবিধা নেই। পুলিশই হটস্পট অন করে নেট কানেকশন দিয়ে অ্যাপ নামাতে সাহায্য করবে। অন্য অসুবিধে থাকলেও, তা সমাধান করা হবে বলে জানানো হয়েছে। তাই নয়ডার রাস্তায় পা রাখার শর্ত হলো আরোগ্য সেতু।
উল্লেখ্য, আগেই কেন্দ্রের তরফে সরকারি ও বেসরকারি কর্মচারীদের মোবাইলে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।





