অযোধ্যাতে রাম মন্দির এবং মসজিদের দ্বন্দ্ব চলেই আসছে। এর মীমাংসা এখনও সম্ভব হয়নি। তবে সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বাবরের বংশধর অর্থাৎ মুঘল বংশের হাবিবুদ্দিন তুসি। হাবিবুদ্দিন তুসি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ বংশধর। সেই হিসেবে তিনি বাবরেরও বংশধর। আর তাই তিনি অযোধ্যার সেই বিতর্কিত স্থানের ওপর নিজের অধিকারের কথা জানিয়ে বলেন যে, তাঁর হাতে সেই জমি তুলে দিলে তিনি তাতে সোনার ইট দিয়ে রামমন্দিরই গড়িয়ে দেবেন৷
সম্প্রতি মুঘল বংশধর হাবিবুদ্দিন বলেন যে, রাম নিয়ে ভারতীয় হিন্দুদের আবেগ তিনি বোঝেন। ১৫২৯ সালে অযোধ্যার সেই বিতর্কিত স্থানে মন্দির ভেঙেই মসজিদ হয়েছিল। আর তাই হাবিবুদ্দিন জানান যে, সেই স্থানে তাই রাম মন্দিরই হওয়া উচিৎ। তিনি আরও বলেন যে, সুপ্রিম কোর্ট যদি সেই জায়গার দায়িত্ব তাঁর হাতে তুলে দেয় তবে তিনি সেই স্থান হিন্দুদের দান করবেন। এবং সেখানে রামমন্দির গড়তে সোনার ইটও দেবেন তিনিই।
হাবিবুদ্দিন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নিকট এই জমি তাঁর হাতে তুলে দেওয়ার দাবী জানিয়ে আবেদন করেছেন৷ তিনি মনে করেন যে, তিনি বাবরের বংশধর হওয়ায় এই জমির ওপর আসল অধিকার তাঁরই। যদিও সেই আবেদনের শুনানি এখনও হয়নি সুপ্রিম কোর্টে। তবে হাবিবুদ্দিন তুসি জানান যে, তিনি জমি পেয়ে গেলে সেখানে হিন্দুদের রামমন্দির গড়ে যতো দ্রুত সম্ভব পূজা শুরু করার চেষ্টা করবেন।





