সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে, বাকী ৩ দিন ছুটি, নতুন শ্রমবিধি নিয়ম চালুর পথে কেন্দ্র

সপ্তাহে মাত্র চারদিন কাজ করলেই হবে, বাকী দিন ছুটি। এবার নতুন শ্রমবিধি নিয়ম চালু করতে তৎপর কেন্দ্র। তবে এই নিয়ম একেবারেই বাধ্যতামূলক হবে না, এমনও জানানো হয়েছে। সপ্তাহে পাঁচদিন বা ছ’দিন কাজ করার সুযোগও মিলবে। তবে সব মিলিয়ে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হবে।

গতকাল সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শ্রমসচিব অপূর্ব চন্দ্র জানান, সপ্তাহে কতদিন কাজ করাবে দেশের সংস্থাগুলি, এ নিয়ে তিনটি বিকল্প দেওয়া হবে। দৈনিক ১২ ঘণ্টা কাজ করলে সপ্তাহে চারদিন, প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করলে সপ্তাহে পাঁচদিন ও দৈনিক ৮ ঘণ্টা করে কাজ করলে সপ্তাহে ছ’দিন কাজ করতে হবে। এক্ষেত্রে যারা চারদিন কাজ করবেন, তাঁরা সপ্তাহে তিনদিন ছুটি পাবেন, যারা পাঁচদিন কাজ করবেন তাঁরা দু’দিন ও যারা ছ’দিন কাজ করবেন, তাঁরা সপ্তাহে একদিন ছুটি পাবেন। দেশের কর্মসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যই কর্মবিধির ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন আনতে চাইছে কেন্দ্র

চারটি শ্রমবিধির আওতায় কী কী নিয়ম হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে। শ্রমসচিবের কথায়, “নিয়ম তৈরির কাজ চলছে ও তা আগামী সপ[তাহের মধ্যেই সম্পূর্ণ হবে। তাড়াতাড়িই চারটি শ্রমবিধি অর্থাৎ মজুরি বিধি, শিল্পকাজের ক্ষেত্রে সুরক্ষা বিধি, স্বাস্থ্য ও কাজের পরিবেশ বিধি, ও সামাজিক সুরক্ষা বিধি আনার জন্য মন্ত্রক তৈরি”।

এই একইসঙ্গে পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের নথিভুক্ত করার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করতে চাইছে কেন্দ্র। এই পোর্টালের মাধ্যমে কর্মীদের বাড়ি, বিমা, খাদ্য প্রকল্প-সহ আরও নানান সুযোগ সুবিধা মিলবে বলে জানা গিয়েছে।

আরও অন্যান্য খবর