ভারতে করোনার তৃতীয় ঢেউ না-ও আসতে পারে, চারিদিকে নানান উদ্বেগের মাঝেই এই সুখবর জানালেন দেশের শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
SUTRA মডেলের ব্যাখ্যা দিয়ে এই বিশেষজ্ঞদের মত, নতুন করে করোনার প্রজাতির উৎপত্তি না হলে, ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রায় নেই। এরই সঙ্গে বিশেষজ্ঞরা জানান যে কেরলেও করোনা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে।
এই ‘SUTRA’ মডেল আসলে কী?
ভারতে করোনা ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণে এই মডেল ব্যবহৃত হয়। কানপুর আইআইটির অধ্যাপক মণীন্দ্র আগারওয়ালসহ দুই বিশেষজ্ঞ এই মডেলের তত্ত্বাবধানে রয়েছেন। এই SUTRA মডেলের সম্পূর্ণ অর্থ হল Susceptible-undetected-tested(Positive)-removed approach। সবদিক ভালোভাবে খতিয়ে দেখে ‘reach’ নামক মাপকাঠি দ্বারা এই মডেলের মাধ্যমে অতিমারির গতিবিধি জানা যায়।
২০২১-এর শুরুর দিকে করোনার ডেল্টা প্রজাতির ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থেকেছিল গোটা দেশ। এর আগের বছর ২০২০ সালের আগস্ট-সেপ্টেম্বরের দিকে দেশে আছড়ে পড়েছিল করোনার প্রথম ঢেউ।
তবে এবার অধ্যাপক আগরওয়াল জানাচ্ছেন যে করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট যদি দ্রুত গতিতে প্রভাব না ফেলে, তাহলে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা কম। ক্রমশই দেশে অতিমারির পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।





