শ্রমিকদের ফেরাতে আগ্রহী নয় বাংলা, রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রমাণ হাতে বিস্ফোরক অধীর

পরিযায়ী শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরত পাঠানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এই ট্রেনের টিকিটের ৮৫ শতাংশই ভর্তুকি দেবে মোদী সরকার। আর ১৫ শতাংশ রাজ্য সরকার তাও আগেই ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য মমতার প্রশাসন মাত্র ২টি ট্রেন‌ই চেয়েছেন কেন্দ্রের কাছে। রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে ফোনে কথার পর এমন‌ই বিস্ফোরক দাবি করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ক্রুদ্ধ সাংসদ জানিয়েছেন, “রেলমন্ত্রী স্পষ্ট বলেছেন, বাংলা থেকে মাত্র ২টি ট্রেনই চাওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য। মুখ্যমন্ত্রীর সাহস থাকলে প্রমাণ করুন রেলমন্ত্রী মিথ্যা কথা বলছেন।” অধীর চৌধুরী আরও বলেন, “বাংলার শ্রমিকদের জন্য বেঙ্গালুরু থেকে ট্রেন চালানোর কথা বলেছিল কেন্দ্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ফলোআপ করেননি।” এবার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন অধীর চৌধুরী।

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ট্রেন পেয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে আগেই জানিয়েছিলেন, ‘‘অন্য রাজ্যে আটকে পড়া আমাদের রাজ্যের নাগরিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতির অঙ্গ হিসেবে অজমের ও কেরল থেকে ২৫০০-র বেশি পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্র-ছাত্রী ও রোগীদের নিয়ে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। ফিরে আসা প্রত্যেকেরই স্বাস্থ্যপরীক্ষা হবে প্রোটোকল মেনে।’’ প্রত্যেকের নামের তালিকা নথিবদ্ধ করা হচ্ছে, যাতে পরবর্তী কোনও প্রয়োজনে তাঁদের খোঁজ পাওয়া যায়।

ইতিমধ্যেই ডানকুনি স্টেশনে বিশেষ ট্রেনে প্রায় ১২০০ শ্রমিক ফিরেছেন। ফিরেছেন কটক, বাইরে আটকে পড়া বাংলার পড়ুয়ারাও। কিন্তু এখনও বহু শ্রমিক যাঁরা কাজ খুঁজতে অন্য রাজ্যে গিয়ে লকডাউনে আটকে পড়েছেন, তাঁদেরকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন অধীর চৌধুরী।

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আবেদন করেছেন তাঁকে যাতে সরকারি কাজে লাগানো যায়। এক্ষেত্রে তিনি যে একেবারেই রাজনৈতিক সুবিধা দেখছেন না, তাও স্পষ্ট করে জানান তিনি। এছাড়াও বাংলার সরকারকে আরো বেশি সক্রিয় হওয়ার অনুরোধ করেছেন তিনি।

RELATED Articles

Leave a Comment