ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার এখনও তিনদিনও পেরোয় নি। আর এরই মধ্যে ফের একবার সেই ওড়িশাতেই লাইনচ্যুত হয়ে গেল মালগাড়ি। যে স্থানে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল, সেখান থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ফের মালগাড়িতে ঘটল এই দুর্ঘটনা, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে একটি ব্যক্তিগত মালিকানাধীন ন্যারো গেজ লাইনে। ডুঙরি চুনাপাথর খনি এলাকা থেকে বড়গড়ের এসিসি সিমেন্ট প্ল্যান্ট পর্যন্ত রয়েছে লাইনটি। ওই লাইন, লোকোমোটিভ, ওয়াগন সবকিছুই কোম্পানির মালিকানার। ভারতীয় রেলের সঙ্গে সেগুলির কোনও সংযোগই নেই বলেই খবর।
জানা গিয়েছে, আজ, সোমবার সকালে খনি এলাকা থেকে ওই মালগাড়িটি চুনাপাথর নিয়ে এসিসি সিমেন্ট প্ল্যান্টের দিকে যাচ্ছিল। সেই সময়ই হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় ওই মালগাড়ি। কোনও হতাহতের খবর নেই এই দুর্ঘটনায়।
বলে রাখি, গত শুক্রবারই বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। পাশের লাইনে থাকা মালগাড়িতে ধাক্কা মারে ট্রেনটি। এর জেরে এক্সপ্রেস ট্রেনের সামনের দিকে বেশ কয়েকটি কামরা উল্টে যায়। এই সময় দুর্ঘটনার কবলে পড়েছিল বেঙ্গালুরু থেকে হাওড়ার দিকে আসা একটি ট্রেনও। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। আহত ১০০০-এরও বেশি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল তাও আবার সেই ওড়িশাতেই।





