মানবিকতা যে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। নিরীহ প্রাণীদের উপর অত্যাচার করা যেন বেড়ে যাচ্ছে। হয়ত এই নিয়ে সচেতনতা বেড়েছে অনেকটাই তবে অ্যানিমাল ক্রুয়েলটি কিছুতেই থামানো যাচ্ছে না। আহমেদাবাদে সম্প্রতি একটি ঘটনায় শিউরে উঠল দেশ।
লকডাউনে গাড়ি পার্ক করা থাকে বাড়ির সামনে, আর সেই গাড়ির ছাদে মাঝেমধ্যেই চড়ে বসে রাস্তার একটি কুকুর, কিছু আঁচড়ও পড়েছিল গাড়ির ছাদে। এতেই চটে যান গাড়ির মালিক! আর তারপর বিরক্তি মেটাতে এয়ার গান দিয়ে কুকুরটিকে মেরে ফেলেন ওই ব্যক্তি!
আহমেদাবাদের রনিপ পুলিশ স্টেশনে দায়ের হওয়া এফআইআর অনুযায়ী, ওই অঞ্চলের ‘গীতা অ্যাপার্টমেন্ট’ নামে এক আবাসনের বাসিন্দা জিগর পাঞ্চাল(৩৫) খুন করে রাস্তার এক কুকরকে। এই ঘটনার বিরোধিতা করায়, আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি।
এফআইআর দায়ের করেন মনোজ ঠাকরে (৫৬) নামে ওই আবাসনেরই আরেক বাসিন্দা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঠাকরে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ তিনি দেখেন পাঞ্চাল হাওয়ায় গুলি ছুড়ছে তার গাড়ির সামনে শুয়ে থাকা কুকুরদের ভয় দেখাচ্ছে। তিনি চেঁচিয়ে নিষেধও করেন।
ওদিনই রাত ৮ টা নাগাদ গুলির শব্দ শুনতে পান মনোজ ঠাকরে-সহ আবাসনের অন্যান্য বাসিন্দারা। ছুটে বেরিয়ে এলে দেখতে পান, পাঞ্চালের গাড়ির সামনে পড়ে রয়েছে মৃত কুকুরটি। এরপর তাঁরাই পুলিশে খবর দেন।
রনিপ পুলিশ স্টেশনের ইন্সপেক্টর জেবি খামবালা জানিয়েছেন, বাড়ির ব্যালকনি থেকে গুলি করে মারা হয়েছে কুকুরটিকে। অ্যানিমাল অ্যাক্টের ২৯৪ ধারায় জিগর পাঞ্চালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রথমে অভিযুক্তের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।





