লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের অসংখ্য পরিযায়ী শ্রমিক। চরম দুর্ভোগের মুখে পড়েছেন তাঁরা। তাঁদের সাহায্যে ইতিমধ্যেই এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু করেছেন ‘স্নেহের পরশ’ নামে একটি প্রকল্প। সেই প্রকল্পের আওতায় ভিনরাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্য। এককালীন ১,০০০ টাকা করে দেওয়া হবে শ্রমিকদের।
যথারীতি টাকা দেওয়াও শুরু হয়ে গেছে। তাঁদের সরকার কথা রেখেছে এই মর্মে এক তৃণমূল সমর্থক একটি মোবাইল বার্তার ছবি পাঠান বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিকে! সেই ছবি দেখেই প্রশ্ন তোলেন এই বঙ্গ বিজেপি নেতা। তাঁর অভিযোগ “ওই বার্তায় দেখা যাচ্ছে লেখা রয়েছে NEFT from SDRF Sneher Paras. SDRF হলো State Disaster Response Fund অর্থাৎ রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল। কেন্দ্রীয় সরকার সাধারণ শ্রেনীভুক্ত রাজ্যগুলিতে এই তহবিলে ৭৫% অর্থ প্রদান করে থাকে। এবং বিশেষ শ্রেণীভুক্ত রাজ্য যেমন সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু-কাশ্মীরের তহবিলে ৯০% অর্থ দেয়।”
এই মেসেজের ভিত্তিতে তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন ” ‘স্নেহের পরশ’ নামক এই প্রকল্পে যে টাকা পশ্চিমবঙ্গ সরকার মানুষকে দিচ্ছে তা আদৌ রাজ্য সরকারের দেওয়া টাকা নয়। এই অর্থের ৭৫% আসলে দিচ্ছে কেন্দ্রই।” প্রতিদিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে থাকেন সেখানে এই অভিযোগে কার্যত অস্বস্তিতে তৃণমূল। যদিও এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফে।





