*জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো*:
করোনা অতিমারির পরে সমাজজুড়ে এক ধরণের উদ্বেগ দেখা দিয়েছিল— কোভিড ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে, অনেকের হঠাৎ মৃত্যু হচ্ছে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর সাম্প্রতিক গবেষণা।
গবেষণা অনুযায়ী, কোভিড টিকার সঙ্গে তরুণদের আকস্মিক হৃদরোগ বা মৃত্যুর কোনো সরাসরি যোগ নেই। বরং এই ধরণের ঘটনার পিছনে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, জেনেটিক সমস্যা, পূর্বে বিদ্যমান রোগ এবং কোভিড পরবর্তী জটিলতা।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও একটি বিবৃতি জারি করেছে। সেখানে সাফ জানানো হয়েছে, করোনার টিকা ও হার্ট অ্যাটাকের মধ্যে কোনো সম্পর্ক নেই।
এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মন্তব্য করেছিলেন যে কোভিড ভ্যাকসিনই তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঘটনা বাড়িয়েছে। ঠিক পরদিনই কেন্দ্রের পক্ষ থেকে AIIMS ও ICMR-এর গবেষণা তুলে ধরা হয়, যা ওই মন্তব্যকে কার্যত খণ্ডন করে।
প্রসঙ্গত, অতিমারির পরে ৪০-৫০ বছর বয়সী বেশ কয়েকজন তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (৪০), গায়ক কেকে (৫৩), অভিনেতা পুনিত রাজকুমার (৪৬), পরিচালক রাজ কৌশল (৫০) ও কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (৫৮)।
আরও পড়ুনঃ Chinmoy Krishna Das: হেফাজতে ছিলেন চিন্ময়, তবুও খুনের চার্জশিটে নাম! ইউনূস প্রশাসনের বিরুদ্ধে উঠছে প্রশ্ন!
AIIMS-ICMR-এর গবেষণায় ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সময়কালে মৃত্যু হওয়া ব্যক্তিদের ডেটা বিশ্লেষণ করা হয়েছে। সেখান থেকে উঠে এসেছে, তরুণদের অকাল মৃত্যুর পেছনে একাধিক কারণ জড়িত — শুধুমাত্র কোভিড ভ্যাকসিন নয়। এই প্রতিবেদন স্পষ্ট করে দিচ্ছে, গুজবে কান না দিয়ে সচেতন ও সুস্থ জীবনযাপনই পারে হৃদরোগের ঝুঁকি কমাতে।





