Air India Flight Crash: মাত্র ৬২৫ ফুটেই ধস! এয়ার ইন্ডিয়ার বিমানে জোড়া ইঞ্জিন বিকলের নেপথ্যে কী ছিল? উঠে এল RAT-এর রহস্য!

আকাশে ওঠার ঠিক আগেই যেন কাল হল সেই মুহূর্ত! সাধারণ যাত্রীদের চোখে আরেকটি সাধারণ উড়ান, কিন্তু মাত্র ৩২ সেকেন্ডেই বদলে গেল সবকিছু। আহমেদাবাদ থেকে উড়ে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানের। টেক অফের পরই বিকট শব্দ, তারপর ভয়াবহ বিস্ফোরণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিও, উঠছে প্রশ্ন—কীভাবে এত বড় বিপর্যয় ঘটল মাত্র আধ মিনিটের মধ্যে?

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টা ৩৪ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর বিমানটি। কিন্তু উড়তেই পারল না বিমান—৬২৫ ফুট পর্যন্ত উঠেই হঠাৎ নেমে আসতে থাকে। ‘লিফট’ না হওয়ায় বিমান খারাপভাবে নামতে শুরু করে এবং সোজা গিয়ে একটি ছাত্রাবাসের উপর ধাক্কা মারে। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। হতাহতের সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত ঘোষণা হয়নি, তবে বিশেষজ্ঞদের মতে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়াই হতে পারে এই দুর্ঘটনার মূল কারণ।

ভাইরাল ভিডিও বিশ্লেষণ করে বিমান বিশেষজ্ঞরা মনে করছেন, বিমানের র‍্যাম এয়ার টার্বাইন (RAT) চালু হয়ে গিয়েছিল। এটি একটি জরুরি পাওয়ার ইউনিট যা শুধুমাত্র তখনই চালু হয়, যখন বিমানের দুটি ইঞ্জিনই অকেজো হয়ে পড়ে। এটি বিদ্যুৎ সরবরাহ করে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমকে সচল রাখে। প্রশ্ন উঠছে—দুটি ইঞ্জিন কেন একসঙ্গে বিকল হল? যান্ত্রিক ত্রুটি? না কি পাখির ধাক্কা? কারণ এখনও পরিষ্কার নয়, তবে ইঞ্জিনের পাশাপাশি বোয়িং ৭৮৭-এর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, তদন্তকারীদের একাংশের মতে, আবহাওয়া এবং বিমানের ওজনও বড় ভূমিকা নিতে পারে এই দুর্ঘটনায়। টেক অফের সময় আহমেদাবাদে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এত গরমে বাতাস পাতলা হয়ে যায়, ফলে বিমানের ‘লিফট’ পাওয়া কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যদি বিমান অতিরিক্ত ভারী হয়, তবে সেটি টেক অফে পর্যাপ্ত গতি বা ‘ধাক্কা’ পায় না। প্রশ্ন উঠছে, এই সব কিছু মিলিয়েই কি বিপর্যয় ডেকে এনেছে?

আরও পড়ুনঃ Weather update : দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? সপ্তাহান্তে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস!

এই দুর্ঘটনা আরও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে—বিমানবন্দরের আশপাশে অতিরিক্ত নগরায়ন কি উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে? ফলে কি বিমান উঠতে পারছে না নির্ধারিত গতিতে? বিশেষজ্ঞরা বলছেন, শহরের হিট আইল্যান্ড ইফেক্ট বিমানের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। আহমেদাবাদে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনা তাই শুধু প্রযুক্তিগত নয়, পরিবেশগত এবং পরিকাঠামোগত দিক থেকেও নাড়া দিয়ে যাচ্ছে গোটা বিমান চলাচল ব্যবস্থাকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles