Ahmedabad Plane Crash: বিমান দুর্ঘটনার পর সকালে পৌঁছলেন মোদি, আমদাবাদের হাসপাতালে কথা বললেন আহতদের সঙ্গে!

আকাশপথে যাত্রার স্বপ্ন নিয়ে যাত্রা করলেও তারা আজ না ফেরার দেশে। গুজরাতের আমদাবাদে ঘটেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বিমান ভেঙে পড়েছে—এই খবর শুনেই শিউরে উঠেছে গোটা দেশ। এই ঘটনা শুধু নিছক একটি বিমান দুর্ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, আহত করেছে অসংখ্য মানুষ, ধ্বংস করেছে ভবিষ্যৎ।

আজ সকালে দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ২০ মিনিট ধরে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলেন উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। বিমান ভেঙে পড়েছিল মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের হস্টেলের ওপর, যেখানে বহু পড়ুয়া থাকতেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঘটনাস্থলে আরও একবার স্পষ্ট হয়ে উঠল দুর্ঘটনার ভয়াবহতা।

বিমান দুর্ঘটনার স্থান থেকে সোজা সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। সেখানে ভর্তি রয়েছেন আহত চিকিৎসক-ছাত্রছাত্রীরা। তিনি প্রায় ১০ মিনিট ধরে আহতদের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের অভিজ্ঞতা। চিকিৎসকদের কাছ থেকে জেনে নেন আহতদের শারীরিক পরিস্থিতি। এই দুর্ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন বিমানের একমাত্র যাত্রী, বিশ্বাসকুমার রমেশ। তাঁর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। রমেশের কাছ থেকে শোনা যায় কীভাবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এই মর্মান্তিক ঘটনার পর একমাত্র জীবিত যাত্রী হিসেবে তাঁর গল্প নতুন আশার দিশা দেখায়।

আরও পড়ুনঃ Air India Flight Crash: মাত্র ৬২৫ ফুটেই ধস! এয়ার ইন্ডিয়ার বিমানে জোড়া ইঞ্জিন বিকলের নেপথ্যে কী ছিল? উঠে এল RAT-এর রহস্য!

এই বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিরও মৃত্যু হয়েছে। তিনি লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আজই প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। গোটা দেশে এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি—প্রতিটি খবরে স্পষ্ট, কত বড় ক্ষতি হয়ে গেল এক নিমেষে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর