মসজিদে মাইক বাজানোর মৌলিক অধিকারের কথা লেখা নেই ভারতীয় সংবিধানে। দেশজুড়ে যখন মসজিদে মাইক বাজানো নিয়ে নানান বিতর্ক শুরু হয়েছে, সেই সময়ই এমন রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। এর পাশাপাশি মসজিদে মাইক বসানো নিয়ে এক ব্যক্তির আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার ধোরানপুর গ্রামের নুরি মসজিদে মাইক বসানোর অনুমতি চেয়েছিলেন ইরফান নামের এক ব্যক্তি। তবে অতিরিক্ত জেলাশাসকের তরফে সে অনুমতি দেওয়া হয়নি। ঘটনাটি ঘটে এরপর অতিরিক্ত জেলাশাসকের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা রুজু করেন ইরফান। তিনি দাবী তোলেন যে জেলাশাসকের ওই নির্দেশ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের পরিপন্থী।
কিন্তু এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চে ইরফানের এই মামলা খারিজ হয়। আদালতের পর্যবেক্ষণ, মসজিদে মাইক বাজানো সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।
শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে যে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোথাও কোনও খোলা জায়গায় মাইক ব্যবহার করা যাবে না। তবে কনফারেন্স হল, অডিটোরিয়াম, ব্যাঙ্কোয়েট বা কমিউনিটি হলে বদ্ধ জায়গার মধ্যে শব্দআইন মেনে মাইক বাজানো যেতে পারে।
বলে রাখি, মসজিদে মাইক বাজানো নিয়ে সম্প্রতি বিরোধিতা করা হয়েছে মহারাষ্ট্রে। মসজিদে মাইক বন্ধ করার দাবী তোলেন মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তিনি হুঁশিয়ারিও শানিয়েছিলেন যে মসজিদে যদি মাইক বাজানো হয়, তাহলে মসজিদের বাইরে পাল্টা হনুমান চল্লিশা বাজানো হবে। তাঁর সমর্থকরা তা শুরুও করেছেন। এ নিয়েও ফের দায়ের করা হয়েছে মামলা।





