‘আলোচনার দিন শেষ, প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে’ পাকিস্তানকে শানিয়ে কড়া বার্তা শাহ্‌’র

বছর পাঁচেক আগে পাক অধিকৃত কাশ্মীরের ভিতর ঢুকে শত্রুঘাঁটি ধ্বংস করে দিয়েছিলেন ভারতীয় বীর জওয়ানরা। সেদিনের সেই সার্জিক্যাল স্ট্রাইক গোটা বিশ্বের কাছে যেন এক বার্তা দিয়েছিল যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যাতে কেউ কথা না বলে। শুরু হয়েছিল ভারতীয় অধ্যায়ের নতুন যুগ। গতকাল, বৃহস্পতিবার এই কথাটাই যেন ফের মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন অমিত শাহ পরিস্কার জানান যে সার্জিক্যাল স্ট্রাইক বুঝিয়ে দিয়েছে যে আলোচনা বা বৈঠকের যুগ শেষ হয়েছে। এখন কেউ যদি ভারতের শান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক করতেই পারে ভারত।

গোয়ার ধারবান্দোরায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের এক অনুষ্ঠানে গতকাল, বৃহস্পতিবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সার্জিক্যাল স্ট্রাইক। আমরা একটি বার্তা দিতে পেরেছিলাম গোটা বিশ্বকে যে, কেউ যেন ভারতের সীমান্তে শান্তিভঙ্গের চেষ্টা না করে। একটা সময় ছিল যখন আলোচনা হত, কিন্তু এখন সময় এসেছে পাল্টা জবাব দেওয়ার”।

বলে রাখি, ২০১৬ সালের সেপ্টেম্বরে পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। এর আগে ভারতের উরি, পাঠানকোট এবং গুরুদাসপুর সেনা ছাউনিতে হামলা করেছিল পাক জঙ্গিরা। এই জঙ্গি হানার যোগ্য জবাব দিতেই পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত।

সেই সময় পাকিস্তানের ভিতরে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উরি হামলার ১১ দিন পর ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। এরপর আকাশ পথেও একবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়েছিন ভারতীয় বায়ুসেনা। তারপর থেকেই এটা আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে, এখন থেকে ভারত আর চুপ করে বসে থাকবে না।

গতকাল, বৃহস্পতিবার গোয়ার ধারবান্দোরার এই অনুষ্ঠান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এটা বেশ স্পষ্ট করে দেন যে যদি কেউ ভারতের অভ্যন্তরীণ শান্তি ভঙ্গের চেষ্টা করে বা সীমান্তে সংঘর্ষ চুক্তি ভেঙে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে এর ফল ভালো হবে না। তিনি এদিন এও বুঝিয়ে দেন যে প্রয়োজন পড়লে ভারত ফের একটি সার্জিক্যাল স্ট্রাইক করতেও পিছপা হবে না।

RELATED Articles