অন্ধ্রপ্রদেশের এক কোয়ারেন্টাইন সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় মৃত ৭

করোনার আবহে এবার একের পর এক কোয়ারেন্টাইন সেন্টারে আগুন লাগার ঘটনা সামনে আসছে। আজ সকালে অন্ধ্রপ্রদেশের একটি কোয়ারেন্টাইন সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখনো অবধি ৭ জন মারা গেছেন। এছাড়া ৩০ জনকে সেখান থেকে উদ্ধার করা গেছে।

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় একটি হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল। জানা গেছে ভোর পাঁচটা নাগাদ সেখানে বিধ্বংসী আগুন লাগে। সেখানে প্রায় ২২ জনের করোনা চিকিৎসা চলছিল। রবিবার সকালে হঠাৎই ধোঁয়া ভরে যায় চারিদিকে। ফলে ধোঁয়ার জেরে শ্বাসকষ্ট শুরু হয়। নিজের প্রাণ বাঁচাতে অনেকেই জানলা দিয়ে বাইরে বেরোনোর প্রচেষ্টা করে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। তবে দমকলের তৎপরতায় ৩০ মিনিটের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত ঘটনার তদন্তে নেমেছে দমকলকর্মীরা।

শুধু অন্ধ্রপ্রদেশই নয় কিছুদিন আগে মুম্বাইয়ের একটি কোয়ারেন্টাইন সেন্টারে আগুন লাগে। সেখানেও একটি হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছিল। মুম্বইয়ের নাগপাড়া এলাকায় তিনতলা রিপন হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড হয়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। এছাড়াও চারটি জাম্বো ট্যাংকার আনা হয়। দমকলের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া গত বৃহস্পতিবার গুজরাতের এক কোয়ারেন্টাইন সেন্টারে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বার বার কোয়ারেন্টাইন সেন্টারে আগুন লাগার ঘটনা কেন ঘটছে সে বিষয়ে প্রশ্ন উঠছে। তবে কি কোনো স্থানকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর পূর্বে তাঁর সুরক্ষাবিধি খতিয়ে দেখা হচ্ছে না? করোনার মোকাবিলা করতে গিয়ে যদি মানুষকে অন্য চিন্তা করতে হয় তবে মানুষের উদ্বেগ আরও বেড়েই চলবে।

আরও অন্যান্য খবর