বর্তমানে টিআরপি তালিকায় দেশে শীর্ষস্থানে রয়েছে অর্নব গোস্বামীর (Arnab Goswami) নিউজ চ্যানেল রিপাবলিক টিভি (Republic TV)। এবার সেই নিউজ চ্যানেলের বিরুদ্ধেই উঠলো ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে জড়িত থাকার অভিযোগ। আর এই গুরুতর অভিযোগটি আনলেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং (Parambir Singh)। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরবর্তী তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছিলেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। আর এবার খোদ তাঁর বিরুদ্ধেই উঠল অভিযোগ।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে মুম্বইয়ের দুটি স্থানীয় চ্যানেল এবং রিপাবলিক টিভি এই ভুয়ো টিআরপি রেটিং ব়্যাকেটে যুক্ত। BARC-র কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে গত দু-দিনের তদন্তে এই তথ্য উঠে এসেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে। এই দুই স্থানীয় চ্যানেলের কর্ণধারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। যাঁদের আগামি ৯ই অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
মুম্বই পুলিশ জানিয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC)-এর তরফে নিযুক্ত ফার্ম হানসার তরফে অভিযোগ জমা পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। কান্দিওয়ালি পুলিশ থানায় এই মামলা দায়ের করা হয়েছে। টিআরপি’র রেটিং নির্ভর করে দেশের প্রায় ত্রিশ হাজার বাড়িতে লাগানো মেসারমেন্ট মিটারের উপর, যার মধ্যে প্রায় ২ হাজার মিটার বসানো রয়েছে শুধুমাত্র মুম্বই শহরে। যদিও যেহেতু এই ডেটা অত্যন্ত গোপনীয়- তাই কোন কোন বাড়িতে সেই মিটার বসানো আছে সেই তথ্য কাউকেই দেওয়া হয় না।
যদিও কোনওভাবে সেই তথ্য ফাঁস হয়ে গিয়েছে এবং যে সব বাড়িতে টিআরপি মাপার যন্ত্র বসানো রয়েছে তাঁদের টাকা দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের তরফে। তদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পেরেছে যে পরিবারের কেউ শিক্ষিত নয়, সেই বাড়িতেও সারাক্ষণ একটি ইংরাজি নিউজ চ্যানেল চলছে। প্রত্যেক পরিবার পিছু নাকি মাস প্রতি ৪০০-৫০০ টাকা করে দেওয়া হচ্ছে টিআরপি বাড়ানোর জন্য, দাবি মুম্বই পুলিশ কমিশনারের।
রিপাবলিক টিভি ছাড়া আরও দু’টি স্থানীয় চ্যানেল হল ফাকত মারাঠি (Fakt Marathi) এবং বক্স সিনেমা (Box Cinema)। আজ অথবা আগামিকাল সমন পাঠানো হবে রিপাবলিক টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষকে। এই টেলিভিশন নেটওয়ার্কের ডিরেক্টর থেকে শুরু করে প্রমোটাররা সকলেই নজরদারিতে রয়েছেন বলে জানান পরমবীর সিং।
এই মামলায় হানসা ফার্মের দুই প্রাক্তন কর্মচারীকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যাঁদের একজনের বাড়ি থেকে ২০ লক্ষ নগদ টাকা এবং অপরজনের কাছ থেকে ৮ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। জেরায় পুলিশকে তারা জানিয়েছে তাঁদের কিছু চ্যানেলের তরফে টাকা দেওয়া হয়েছিল যে সব বাড়িতে barometers লাগানো রয়েছে তাঁদের টাকা দিয়ে টিআরপি রেটিংয়ে হেরফের করানোর জন্য।
তবে এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে অর্ণব গোস্বামী জানিয়েছেন নিজেদের সাংবাদিকতার মাধ্যমে মহারাষ্ট্র সরকারকে আক্রমণ শানানোর জেরেই নাকি রিপাবলিকের নাম বদনাম করার চেষ্টা করছে মুম্বই পুলিশ। তিনি জানান, ‘BARC-র অভিযোগে কোথাও রিপাবলিকের নাম নেই, ভারতের মানুষ আসল সত্যিটা জানেন।’ গোস্বামী আরও বলেন- ‘ওঁনার উচিত অবিলম্বে জনসমক্ষে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করা, না হলে উনি আদালতে আমাদের মুখোমুখি হতে তৈরি থাকুন।’
https://twitter.com/republic/status/1314162463978319874?s=20






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার