বঙ্গ রাজনীতিতে সম্প্রতি একটি হত্যাকাণ্ড বিশাল আলোড়ন ফেলেছে। অর্জুন সিং (Arjun Singh)-এর ডানহাত হিসেবে পরিচিত মনীশ শুক্লার হত্যাকাণ্ডের পর এবার প্রয়াত বিজেপি নেতার বাড়িতে পরিজনদের সহমর্মিতা জানাতে পৌঁছলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আজ নবান্ন অভিযান শেষে খড়দায় মণীশের বাড়িতে দেখা করতে যান দিলীপবাবু। কথা বলেন মণীশের মা-বাবা ও স্ত্রীয়ের সঙ্গে। এদিন প্রয়াত নেতার বাড়িতে যাওয়ার সময় দিলীপবাবুর সঙ্গী হয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিং ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Paramanik)।
দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি নেতার ২ শিশুকন্যা রয়েছে। রয়েছেন বাবা, মা ও স্ত্রী। মাত্র ৩৯ বছরের ছেলেকে হারিয়ে শোকে মূহ্যমান হয়ে রয়েছেন তাঁরা। এদিন তাঁদের সহমর্মিতা জানাতে বিকেলে খড়দায় মণীশের বাড়িতে যান দিলীপ ঘোষ। বেশ কিছু্ক্ষণ কাটান পরিবারের সদস্যদের সঙ্গে।
বঙ্গ বিজেপির তরফে জানানো হয়েছে, শুক্রবার মণীশের স্মৃতিতে পদযাত্রার আয়োজন করবে তারা। বারাকপুর স্টেশন থেকে টিটাগড় পর্যন্ত যাবে সেই মিছিল।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গত রবিবার সন্ধ্যায় টিটাগড় থানার কাছে বিজেপি পার্টি অফিসের সামনে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্ল। মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। এর পরই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিন।





