দিল্লির মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথগ্রহণের দিনই বিজেপি সহ কেন্দ্রের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার কথা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাই মুখ্যমন্ত্রীর মসনদে বসার তিনদিনের মাথাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আপ সুপ্রিমো।
জানা গিয়েছে, বুধবার দুপুর আড়েইটে নাগাদ অরবিন্দ কেজরিওয়াল একাই অমিত শাহ-র বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর এটাই প্রথম সাক্ষাৎকার। তাই ফুলের তোড়া দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানিয়ে তাঁর সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন। মূলত দিল্লির উন্নয়নমূলক বিষয় নিয়ে প্রায় ২০ মিনিট ধরে চলা এই বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলেই দাবি কেজরিওয়াল-এর। বৈঠক শেষে ট্যুইটারে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, ‘খুব ভালো এবং ফলপ্রসূ বৈঠক হয়েছে। দিল্লির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দিল্লির উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব বলে দুজনেই সম্মত হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দিল্লি ও দিল্লিবাসীর উন্নয়ন নিয়ে কেজরিওয়াল আলোচনা করলেও শাহিনবাগ নিয়ে কোনও কথা বলেননি বলে সূত্রের খবর।
উল্লেখ্য, এবারের দিল্লি নির্বাচনে কার্যত আপ ঝড়ে সাফ হয়ে গিয়েছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৬২টি গিয়েছে আপের ঝুলিতে। তারপর রবিবার রামলীলা ময়দানে জনগণকে সাক্ষী রেখে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আপ নেতা-কর্মী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনও রাজনীতিক আমন্ত্রিত ছিলেন না। শেষপর্যন্ত প্রধানমন্ত্রীও যাননি।





