বিজেপির (BJP) অস্ত্র দিয়েই এবার কার্যত তাদের চাপে ফেলতে চাইছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। ভারতীয় নোটে (Indian note) এবার স্থান পাক লক্ষ্মী-গণেশের (Lakshmi-Ganesh) মুখও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে এমনটাই আর্জি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
কেজরিওয়াল দাবী করেছেন যে দেশে নতুন যে নোট তৈরি হচ্ছে তাতে এক পিঠে থাকুক মহাত্মা গান্ধীর ছবি ও অন্য পিঠে থাকুক লক্ষ্মী-গণেশের ছবি। তাঁর মতে, নোটে যদি দেবদেবীর ছবি থাকে, তাহলে আর্থিক সমৃদ্ধি ঘটবে। এই নিয়ে কেজরিওয়াল বলেন, “অনেক সময়ই আমরা অনেক চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ না থাকলে সুফল মেলে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার আরজি, গণেশ ও লক্ষ্মীর ছবি দিয়ে নতুন নোট ছাপা হোক”।
এখানেই থামেননি তিনি। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে ইন্দোনেশিয়ার উদাহরণও টেনেছেন কেজরিওয়াল। তিনি বলেন, “ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে গণেশের মুখ দেওয়া নোট রয়েছে। সেই দেশ পারলে আমরা কেন পারব না”? চিঠিতে কেজরিওয়াল আরও উল্লেখ করেন যে ডলারের তুলনায় ক্রমেই পড়ে যাচ্ছে টাকার দাম। এমন পরিস্থিতিতে ঈশ্বরের আশীর্বাদের জেরেই অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে পারে।
বিরোধীরা বারবার অভিযোগ তুলে এসেছে যে বিজেপি নাকি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে। এবার সেই অস্ত্রকেই কাজে লাগিয়েছেন কেজরিওয়াল। সেই কারণেই মোদীর দিকে এমন এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভারতের মতো ধর্মীয় নিরপেক্ষ দেশে ধর্মীয় তাস খেলেই বিজেপিকে চাপে রাখার মতো কৌশল করছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গুজরাতের জনসভায় ‘জয় শ্রীকৃষ্ণ’ জয় শ্রীরাম’ ধ্বনি তুলেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চলতি বছরের ডিসেম্বরেই গুজরাতে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেছে আপ। সেখানে গিয়ে তাই এমন বার্তা দেন কেজরিওয়াল।






