কাশ্মীরে অনুপ্রবেশের ছক ভেস্তে দিল ভারতীয় সীমান্তরক্ষীরা, নিয়ন্ত্রণরেখার কাছে জওয়ানদের গুলিতে খতম জঙ্গি

জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। তবে সেই ছক ভেস্তে দিল ভারতীয় জওয়ানরা। আজ, বুধবার নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় জওয়ানদের গুলিতে খতম এক সন্ত্রাসবাদী। আশঙ্কা করা হচ্ছে যে এই এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে। এই কারণে সতর্কতা বাড়ানো হয়েছে সীমান্তে।

ভারতীয় সেনা সূত্রে খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখার কাছে ঘটনাটি ঘটেছে। সেখানে সুদপরা এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে কিছু জঙ্গি। কিন্তু সেই চেষ্টা ভেস্তে দিয়ে গুলি চালানো হয় ভারতীয় সীমান্তরক্ষীদের তরফে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর নিকেশ হয় এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গির কাছ থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র ও নথি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর, কুপওয়াড়াতেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়। সে বারও একই ভাবে নিয়ন্ত্রণরেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা।

উল্লেখ্য, আগামী বছরই কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে নির্বাচন হতে পারে। সেই কারণে বেশ কঠোর হাতে জঙ্গি দমন অভিযানে নেমেছে ভারতীয় সেনা। সেই অভিযানের অংশ হিসেবেই গত সেপ্টেম্বর ও চলতি মাসে বেশ কিছু জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েই যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি।

বলে রাখি, চলতি মাসের শুরুতেই কাশ্মীরের বারমুল্লায় এক সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একমাত্র লক্ষ্য। তার জন্য যদি বারামুল্লার মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাতে তিনি রাজি। কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে সরকারের কোনও সমস্যা নেই। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা নয়”।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নয়াদিল্লির উপর চাপ সৃষ্টি করার জন্যই আইএসআই উপত্যকাতে জঙ্গি কার্যকলাপ বাড়াচ্ছে। বিশেষ করে এই শীতের সময় গিরিপথগুলির মুখ বন্ধ হয়ে যেতে পারে। সেই কারণে আগেই জঙ্গিদের কাশ্মীরে ঢুকিয়ে দিতে চাইছে পাকিস্তান।

RELATED Articles