আত্মহত্যার চেষ্টা ‘বাবা কা ধাবা’র মালিক কান্ত প্রসাদের, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

গত বছর ‘বাবা কা ধাবা’ নামে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর অঞ্চলের একটি খাবারের দোকানের ভিডিও খুব ভাইরাল হয়। এই ভাইরাল ভিডিওর জেরেই জনপ্রিয় হন এই দোকানের মালিক কান্ত প্রসাদ। সেই কান্ত প্রসাদই এবার আত্মহত্যার চেষ্টা করলেন। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

পুলিশ সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার তাদের কাছে একটি ফোন আসে যে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন ও হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ হাসপাতালে পৌঁছন ও কান্ত প্রসাদকে দেখেই চিনতে পারেন। পুলিশ সূত্রের খবর, তিনি এখন দিল্লির সফদরগঞ্জ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কান্ত প্রসাদের স্ত্রী পুলিশকে জানিয়ছেন যে বিগত বেশ কিছুদিন ধরেই কান্ত প্রসাদ মানসিক অবসাদে ভুগছিলেন।

হাসপাতালে সূত্রের খবর, কান্ত প্রসাদের পাকস্থলীতে মিলেছে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ও ঘুমের ওষুধ। এই কারণেই জ্ঞান হারান তিনি। তাঁর অবস্থা বেশ গুরুতর বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন- রাজ্যের সরকারি হাসপাতাল থেকে উধাও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মহিলা, চলছে তল্লাশি, স্বাস্থ্য়ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন 

গত বছর অক্টোবর মাসে ইউটিউবার গৌরব ওয়াসানের একটি ভিডিওতে ‘বাবা কা ধাবা’ দোকানের খাবার ও দোকানের মালিক কান্ত প্রসাদ ও তাঁর স্ত্রীকে দেখানো হয়। এই দোকান থেকে যাতে সকলে খাবার খায় এমন আর্জি জানান গৌরব। এই ভিডিওই চূড়ান্ত ভাইরাল হয় ও ‘বাবা কা ধাবা’ বেশ জনপ্রিয় হয়।

কান্ত প্রসাদকে অনেকেই আর্থিকভাবে সাহায্য করেন ও গৌরব ওয়াসানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে থাকে। কিন্তু কান্ত প্রসাদ গৌরবের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এই বলে যে গৌরব নাকি সেই আর্থিক সাহায্যের টাকা তাঁকে দেয়নি। তাঁকে ২ লক্ষ টাকাই শুধু দেওয়া হয়েছে।

জানা যায়, গত ডিসেম্বর মাসে একটি রেস্তোরাঁ খোলেন কান্ত প্রসাদ। কিন্তু ফেব্রুয়ারিতেই তা বন্ধ করে দিয়ে ফের নিজের পুরনো দোকানে ফেরত আসেন। শোনা যায়, তাঁর সেই রেস্তোরাঁয় প্রচুর টাকার ক্ষতির মুখে পড়েন তিনি। রেস্তোরাঁর প্রতি মাসে ব্যয় হট প্রায় এক লক্ষ টাকা, কিন্তু তাঁর আয় ৩০০০০ টাকার বেশি হতই না। এই কারণে রেস্তোরাঁর ঝাঁপ পড়ে।

এই নিয়েই নাকি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন কান্ত প্রসাদ। এমনটাই জানান তাঁর স্ত্রী। তাঁর আত্মহত্যার চেষ্টা করার এটাও একটা কারণ হতে পারে বলে অনুমান পুলিশের। তবে কিছুদিন আগেই গৌরব ওয়াসানের আছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন কান্ত প্রসাদ। বলেছিলেন যে গৌরব কোনও দোষ করেনি। সেই ভিডিও-ও বেশ ভাইরাল হয়।

আরও অন্যান্য খবর