শিশুদের জন্য করোনা টিকার ট্রায়াল শেষ করল কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে যে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের ফলাফল জমা দেওয়া হয়েছে। কোভ্যাক্সিন যদি অনুমোদন পায়, তাহলে এই টিকাই হবে দেশের প্রথম করোনার টিকা যা ২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া যাবে।
এই বিষয়ে গতকাল, শনিবার হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেকের চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা শনিবার বলেন, “আমরা ২ থেকে ১৮ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের উপর করা কোভ্যাক্সিনের ট্রায়ালের রিপোর্ট জমা দিয়েছি। শীঘ্রই এই ভ্যাকসিনের অনুমোদন মিলবে বলে আশা করছি”।
বর্তমানে দেশে ১৮ বছর বেশি বয়সীদের উপর চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে ৯০ কোটি টিকা দেওয়া হয়েছে। দেশের প্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে ৬৯ শতাংশ টিকার প্রথম ডোজ় ও ২৫ শতাংশ টিকার দুটি ডোজ়ই পেয়ে গিয়েছে। উৎসবের মরশুমেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকায় অক্টোবর মাস থেকেই শিশুদের টিকাকরণ শুরু করার পরিকল্পনা চলছিল। তবে এখনও পর্যন্ত শিশুদের টিকাকরণ নিয়ে কোনও ঘোষণা করেনি কেন্দ্র।
ভারতে শিশুদের টিকাকরণের জন্য এখন কোভ্যাক্সিনের সঙ্গে তালিকায় রয়েছে জ়াইডাস ক্যাডিলার করোনা টিকা জ়াইকোভ-ডি-ও। তবে কেবল ১২ থেকে ১৮ বছর বয়সীদেরই জ়াইকোভ-ডি টিকা দেওয়া যাবে। আর এদিকে কোভ্যাক্সিনের টিকা যদি অনুমোদন পায় তাহলে তা ২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া যাবে।
চলতি বছরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে কোভ্যাক্সিনের অনুমোদন পাওয়ার কথা। এই বিষয়ে ভারত বায়োটেকের চেয়ারম্যান ডঃ কৃষ্ণা এল্লা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে অনুমোদন পাওয়ার জন্য যে সমস্ত জরুরি তথ্য জমা দেওয়ার কথা, তা তারা জমা দিয়েছেন। এই অনুমোদনের কার্যপ্রণালী শেষ হতে ৬ সপ্তাহ সময় লাগবে বলে জানা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে কোভ্যাক্সিন অনুমোদন পেয়ে গেলে এই টিকাপ্রাকপকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কোয়ারেন্টাইনের ঝক্কি হবে না। তবে এই বিষয়ে ভারত বায়োটেকের তরফে কিছু বলা হয়নি।





