Bihar : যোগীর পথে নীতীশ—উত্তরপ্রদেশ-এর ধাঁচে বিহার-এ খোলা মাংস বিক্রি বন্ধ, লাইসেন্স-নিয়মে তীব্র কড়াকড়ি!

রাস্তার ধারে ঝুলছে মাংস, সামনে দাঁড়িয়ে কাটাকাটি—এমন দৃশ্য বহু শহরেই চেনা। কিন্তু জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং সামাজিক সংবেদনশীলতার প্রশ্ন তুলে এবার এই চিত্র বদলাতে উদ্যোগী হলো বিহার সরকার। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলছিলই, অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। খোলা জায়গায় মাংস বিক্রি নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য।

উত্তরপ্রদেশ-এ আগে যে ধরনের বিধিনিষেধ জারি হয়েছে, সেই পথেই হাঁটল বিহার। নীতীশ কুমার সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে—এবার থেকে খোলা জায়গায় মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বিধানসভাতেই আগাম বার্তা দিয়েছিলেন। মঙ্গলবার নগর উন্নয়ন ও আবাস বিভাগ আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে জানায়, নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

শুধু নিষেধাজ্ঞাই নয়, জারি হয়েছে একগুচ্ছ শর্তও। এখন থেকে প্রত্যেক মাংস বিক্রেতার বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি দোকানের সামনের অংশ পর্দা বা কালো কাচ দিয়ে ঢাকতে হবে, যাতে বাইরে থেকে মাংস কাটার দৃশ্য দেখা না যায়। রাস্তার ধারে ঝুলিয়ে বা সম্পূর্ণ খোলা অবস্থায় বিক্রি করা চলবে না। প্রশাসনের মতে, এতে জনসাধারণের অনুভূতিতে আঘাত লাগা বা স্বাস্থ্যঝুঁকি—দু’টিই কমবে।

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও স্কুল বা ধর্মীয় স্থানের কাছাকাছি মাংসের দোকান খোলা যাবে না। নিয়ম ভাঙলে দোকান বন্ধ করে দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হতে পারে। বর্জ্য ব্যবস্থাপনাতেও জোর দেওয়া হয়েছে—দোকানদারদের এমনভাবে বর্জ্য রাখতে হবে যাতে পুরসভার গাড়ি সহজে তা সংগ্রহ করতে পারে।

আরও পড়ুনঃ West Bengal politics : এক পরিবারে দুই মেরু—তৃণমূলে দিদি, বিজেপিতে কস্তুরী! ছাব্বিশের ভোটের আগে বড় বার্তা গেরুয়া শিবিরের!

সরকারের দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সামাজিক সংবেদনশীলতার কথা মাথায় রেখে। তবে এই কড়াকড়ি বাস্তবে কতটা কার্যকর হয়, আর ব্যবসায়ীদের উপর এর প্রভাব কতটা পড়ে—সেদিকেই এখন নজর রাজনৈতিক ও বাণিজ্য মহলের। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরই স্পষ্ট হবে, এই পদক্ষেপ কতটা সফল হয়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles