West Bengal politics : এক পরিবারে দুই মেরু—তৃণমূলে দিদি, বিজেপিতে কস্তুরী! ছাব্বিশের ভোটের আগে বড় বার্তা গেরুয়া শিবিরের!

ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক অঙ্ক বদলাচ্ছে। কে কোন শিবিরে থাকবেন, কে হঠাৎ রং বদলাবেন—তা নিয়ে জল্পনা বাড়ছেই। রাজনৈতিক পরিবারগুলির সিদ্ধান্ত এখন বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ একেকটি যোগদান শুধু ব্যক্তিগত পদক্ষেপ নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনৈতিক বার্তাও। ঠিক এমন এক ঘটনাই সামনে এল মঙ্গলবার।

প্রয়াত আরএসপি নেতা ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী-র ছোট মেয়ে কস্তুরী গোস্বামী এদিন নাম লেখালেন ভারতীয় জনতা পার্টি-তে। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর দিদি বসুন্ধরা গোস্বামী বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ২০২১ সালের কলকাতা পুরভোটে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে জিতে তিনি কাউন্সিলর হন। ফলে একই পরিবারের দুই বোন এখন দুই ভিন্ন রাজনৈতিক মেরুতে—যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে।

মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং নেতা শংকর ঘোষ-এর উপস্থিতিতে কস্তুরী গেরুয়া পতাকা হাতে তুলে নেন। জানা গিয়েছে, তিনি আইনের ছাত্রী ছিলেন। শুধু কস্তুরী নন, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকাও এদিন বিজেপিতে যোগ দেন।

যোগদানের পর ‘আঁধারের কত কথা’ নামে একটি বই প্রকাশ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার বিভিন্ন ঘটনা এই বইয়ে তুলে ধরা হয়েছে। দলের মতে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এই প্রকাশনার উদ্দেশ্য। ভোটের আগে এই পদক্ষেপ রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ Muhammad Yunus : বিদায়ী ভাষণে ফের উত্তেজনা! উত্তরপূর্ব ভারতের প্রসঙ্গ টানলেন ইউনূস, বাংলাদেশের অর্থনীতি বোঝাতে জুড়ে দিলেন ‘সেভেন সিস্টার্‌স’!

সাংবাদিক বৈঠকের শেষ পর্বে আত্মবিশ্বাসী সুরে শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকুক বা না থাকুক, ইডি-সিবিআই অফিস বন্ধ থাকলেও বিজেপি ক্ষমতায় আসবে এবং তৃণমূল হারবে। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নিজেদের সংগঠন শক্তিশালী করতে বদ্ধপরিকর। আর কস্তুরী গোস্বামীর যোগদান সেই রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles