‘আমার কাছে তথ্যপ্রমাণ রয়েছে, গ্রেফতার করাবো’, ত্রিপুরা প্রসঙ্গে তৃণমূলকে কার্যত হুঁশিয়ারি শানালেন বিপ্লব দেব

ত্রিপুরায় পা রাখার পর থেকেই তৃণমূল বারবার অভিযোগ এনেছে যে প্রথম দিন থেকেই বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। তবে বিজেপির পাল্টা দাবী, এই ঘটনায় তাদের কোনও যোগ নেই। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কথায়, ‘অতিথি দেব ভবঃ”। তবে এবার তিনি নাম করেই কার্যত হুমকি শানালেন তৃণমূলকে।

গতকাল, রবিবার একটি ফেসবুক পোস্ট করে বিপ্লব দেব লেখেন, “এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটি দল আমাদের রাজ্যে এসেছে। এ দলের নেতৃত্বরা পশ্চিমবঙ্গে গরু পাচারের মতো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এখানেও যাদের দলে টানছে তারাও এ ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত”।

এরপর বেশ হুমকির সুরেই তিনি লেখেন, “আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে যার ভিত্তিতে তাদের আমি গ্রেফতার করাবো”।

আরও পড়ুন- ফের লড়াই মমতার! ভবানীপুর উপনির্বাচন ও দুই কেন্দ্রে সাধারণ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল

২০১৫ সালে ত্রিপুরার দায়িত্ব পান বিপ্লব দেব। এরপর তিনি কীভাবে সংগঠন গড়ে তুলেছেন সে কথাও স্মরণ করিয়ে দেন বিপ্লব দেব। তিনি লেখেন, “আমি ২০১৫ সালে ত্রিপুরায় দায়িত্ব নিয়ে আসি এবং ২০১৭ সালেই বড়জলা উপনির্বাচনে দলের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়ি। তখন এই বড়জলার প্রত্যেকের বাড়িতে আমি গিয়েছি। বড়জলার প্রত্যেকে আমাকে চেনে আমিও তাদের চিনি”।

তিনি এও বলেন যে ত্রিপুরাতে সিপিএম-ই বিরোধী দল। তিনি বলেন, “আমি দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেক বিরোধী সিপিএম এর সমর্থকদের বাড়িতে যাওয়ার জন্য। তাদের কাছে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরুন। তাদের বোঝান ২৫ বছরের সরকার কি করেছে আর আমরা গত সাড়ে তিন বছরে কি করেছি ও করছি”।

তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে একরকম হুমকি হিসেবেই দেখছে তৃণমূল। তৃণমূল নেতাদের আশঙ্কা, পুলিশ লাগিয়ে হয়ত তাদের কর্মীদের ফাঁসানো হতে পারে। এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও অন্যান্য খবর