বুঁজে গিয়েছিল ম্যানহোল। আর তার ফলে জমতে শুরু করে বৃষ্টির জল। সাধারণত রাস্তার ম্যানহোল কোনও কারণে আটকে গিয়ে জমা জল না সরলে তা পর্যবেক্ষণ করে রিপোর্ট দেন পুরকর্মীরা। সেই রিপোর্ট অনুযায়ী ম্যানহোল সারানোর কাজ করেন অন্য পুরকর্মী।
অত্যাধিক বৃষ্টির ফলে ম্যাঙ্গালুরুর কাদরি কাম্বালা ওয়ার্ডের নিকাশি ব্যবস্থায় এমন বিপত্তি দেখা দেয়। ঘটনাস্থলে পৌঁছে খোলা ম্যানহোলে ঢুকে তা পরিষ্কার করার জন্য পুরকর্মীদের নির্দেশ দেন বিজেপি কাউন্সিলর মনোহর শেট্টি। কিন্তু তাঁর নির্দেশেও ম্যানহোলে নামতে রাজি হননি কর্মীরা।
এরপর হঠাৎই নিজে ম্যানহোলে নেমে সরেজমিনে সমস্যা দেখে এসে ফের কর্মীদের ম্যানহোল সাফ করার জন্য বলেন কাউন্সিলর। কিন্তু এবারও ম্যানহোলে নামতে কর্মীদের মধ্যে গড়মসি ভাব দেখা দেয়।
তাঁদের আপত্তি অবশ্য কাউন্সিলরকে তাঁর নিজের কর্তব্য থেকে টলাতে পারেনি। পোশাক পরিবর্তন করে ফের ম্যানহোলে ঢুকে পড়ে সাফাইয়ের কাজটিও তিনিই করেন। সত্যিকারের জনসেবক মনোহর শেট্টির এই দৃষ্টান্তমূলক উদ্যোগে স্বভাবতই মুগ্ধ ম্যাঙ্গালোরবাসী।





