CAG রিপোর্ট পেশ হতেই বিধানসভায় তুলকালাম! মোদীর বিরুদ্ধে তোপ, একসঙ্গে সাসপেন্ড ১২ AAP বিধায়ক!

রাজনৈতিক আবহে ফের পারদ চড়ল রাজধানীর বুকে। ভোট পরবর্তী উত্তাপ এখনো থামেনি, তার মধ্যেই একের পর এক চমক। ভোটের আগে থেকেই রাজনৈতিক শিবিরে চলছিল একে অপরকে নিশানা করার খেলা। কংগ্রেস-বিজেপির পুরনো সংঘাতের সঙ্গে এবার যোগ হয়েছে আপ-বিজেপির টানাপোড়েন। রাজনৈতিক মহলের একাংশ আগেই আশঙ্কা করেছিল, দিল্লিতে নতুন সরকার আসার পরেই একের পর এক কৌশলী চাল দেখা যাবে। আর সেই আন্দাজই এবার সত্যি হচ্ছে।

ভোটে জেতার পর বিজেপির দাবি ছিল, আপ সরকারের আমলের দুর্নীতির হিসেব-নিকেশ খোলাখুলি করা হবে। বিশেষত, আবগারি দুর্নীতির প্রসঙ্গ বারবার তুলে আনছিল গেরুয়া শিবির। অন্যদিকে, আপ নেতারা জানিয়ে দিয়েছিলেন, বিজেপি চক্রান্ত করে তাঁদের বদনাম করতে চাইছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এবার দিল্লির বিধানসভায় এক নাটকীয় পরিস্থিতি তৈরি হল। শাসক ও বিরোধী দলের সংঘাত চরমে পৌঁছল, যার জেরে একেবারে ১২ জন বিধায়কের সাসপেনশন পর্যন্ত ঘোষণা করা হল।

রাজধানীর বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশন ডেকেছিল বিজেপি সরকার। সেই অধিবেশনেই আপ সরকারের আমলে হওয়া কথিত দুর্নীতির হিসেব সামনে আনল বিজেপি। বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ক্যাগ রিপোর্ট পেশ করতেই শুরু হয় তুলকালাম। আপ বিধায়করা একযোগে প্রতিবাদে মুখর হন। বিজেপির বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বিধানসভার অধ্যক্ষ বারবার শান্ত থাকার আবেদন করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

আরও পড়ুনঃ পুরনো হত্যাকাণ্ডে তৃণমূল কাউন্সিলরের কারাদণ্ড! রাজনৈতিক ছত্রছায়ায় কি লুকিয়েছিলেন ১১ বছর?

এই ঘটনার মধ্যেই এক নয়া মোড় নেয় বিতর্ক। বিধানসভায় আবগারি দুর্নীতি প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে অম্বেডকরের ছবি সরানোর ইস্যু। আপের বিধায়কদের দাবি, মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর ঘর থেকে অম্বেডকরের ছবি সরিয়ে সেখানে মোদীর ছবি বসানো হয়েছে। এই প্রসঙ্গে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি মারলেনাও। একটানা বিক্ষোভের জেরে অবশেষে বিধানসভার ১২ জন আপ বিধায়ককে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়।

তবে সাসপেন্ড হওয়ার পরেও থেমে থাকেননি আপ বিধায়করা। বিধানসভার চত্বরেই অম্বেডকরের ছবি হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা। অতিশি সরাসরি প্রশ্ন তোলেন, “মোদী কি বাবা অম্বেডকরের থেকেও বড়?” অন্যদিকে, বিজেপির দাবি, তাঁদের আসল উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রবেশ ভার্মা বলেন, “যে ক্যাগ রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম, তা অবশেষে সামনে আসছে।” একদিকে আবগারি দুর্নীতি, অন্যদিকে অম্বেডকর বিতর্ক—দিল্লির রাজনীতিতে এ যেন এক নতুন সংঘাতের শুরু!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles