লোকসভা নির্বাচন আসন্ন। মার্চ মাসের প্রথমেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ, শনিবার লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় নাম রয়েছে ১৯৫ জনের। এর মধ্যে বাংলার প্রার্থী রয়েছেন ২০ জন। বিজেপির এই প্রথম তালিকায় নাম রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভা ও কিছু রাজ্যের বিধানসভার অধ্যক্ষদেরও।
তালিকা থেকেই স্পষ্ট যে বিজেপির এই প্রথম প্রার্থী তালিকায় মহিলা ও যুবদের উপর জোর দেওয়া হয়েছে। ১৯৫ জনের এই তালিকায় নাম ২৮ জন মহিলা ও ৪৭ জন যুব নেতার নাম রয়েছে। তফসিলি জাতির ২৭ জন, তফসিলি উপজাতির ২৫ জন, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির ৫৭ জন প্রার্থীর নাম রয়েছে তালিকায়।
প্রথম তালিকায় সবথেকে বেশি প্রার্থীর নাম রয়েছে উত্তর প্রদেশের। ৫১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তালিকায়। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। তালিকায় রয়েছে বাংলার ২০ জনের নাম। এছাড়া, গুজরাটের ১৫ জন, রাজস্থানের ১৫ জন, কেরলের ১২ জন, তেলঙ্গানা ৯ জন, ঝাড়খন্ড ১১ জন, ছত্তীসগঢ়ের ১১ জন, দিল্লির ৫ জন, জম্মু-কাশ্মীরের ২ জন এবং ত্রিপুরা, গোয়া ও আন্দামান নিকোবর থেকে ১ জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বাংলা থেকে কোন কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে প্রথম তালিকায়?
প্রথম দফার তালিকা অনুযায়ী মালদা উত্তরের প্রার্থী হলেন খগেন মুর্মু, মালদা দক্ষিণের শ্রীরূপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, বনগাঁয় শান্তনু ঠাকুর, যাদবপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, জয়নগরে অশোক কাণ্ডারী, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়, হাওড়ায় রথীন চক্রবর্তী, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, বহরমপুরে নির্মল কুমার সাহা, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বাঁকুড়ায় সুভাষ সরকার, বোলপুরে প্রিয়া সাউ, আসানসোলে অভিনেতা পবন সিং, বালুরঘাটে সুকান্ত মজুমদার, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা আর পুরুলিয়া থেকে লড়বে জ্যোতির্ময় সিং মাহাতো। আর যে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরেই বেশ চর্চা চলছে, সেই ঘাটাল থেকে দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে যিনি বর্তমানে খড়গপুরের বিধায়ক।





