ফের সাংসদ বনাম বিধায়ক! ‘আমার বাড়িতে ইডি ঢুকিয়েছিল সুদীপই’, তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক দাবী তাপসের

বেশ কিছুমাস ধরেই তৃণমূল বিধায়ক তাপস রায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নানান বাকবিতণ্ডা চলছেই। একে অপরকে শানাতে কসুর করে না কেউই। আর তৃণমূলের এই দুই যুযুধান নেতার মধ্যে এই দ্বন্দ্ব প্রভাব ফেলছে দলের সংগঠনেও। কিন্তু সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই দুই নেতারই। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এক বিস্ফোরক অভিযোগ আনলেন তাপস রায়। তাঁর দাবী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মদতেই নাকি তাঁর বাড়িতে ইডি গিয়েছিল।

বেশ কিছুদিন ধরেই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জারি করেছেন দলেরই একাংশ নেতা। সম্প্রতি এই তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগও এনেছেন। এরই মধ্যে এবার ফের সুদীপকে আক্রমণ করলেন তাপস। ইডির সঙ্গে তাঁর যোগসাজশ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

কী বলেছেন তাপস রায়?

বরানগরের বিধায়ক তাপস রায়ের দাবী, তাঁর বাড়িতে বাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ই ইডি ঢুকিয়েছিল। আর দলের অন্দর থেকেই তিনি এই খবর পেয়েছেন। তাপসের কথায়, “উত্তর কলকাতায় প্রার্থী হিসেবে আমার নাম উঠে আসছে। আমি যাতে টিকিট না পাই তাই আমার বাড়িতে ইডি ঢোকাচ্ছে। রাজ্যসভা, লোকসভা, রাজ্য মন্ত্রিসভার অন্তত ৪০ জন আমাকে এই কথা বলেছে”।

তাপস রায় বলেন, “১২ তারিখ আমার বাড়িতে ইডি তল্লাশি চলছে। আর তখন উত্তর কলকাতায় স্বামীজির বাড়িতে তৃণমূল নেতা-নেত্রীরা উল্লাস করছিলেন। অনেত যুব নেতা-নেত্রীও ছিলেন। তবে হ্যাঁ, তাঁরা প্রতিবাদও জানিয়েছিলেন”।

এখানেই শেষ নয়, বরানগরের বিধায়কের দাবী, “ইডিতে ওঁর (সুদীপ বন্দ্যোপাধ্যায়) কয়েকজন চেনাজানা আছে। তাদের দিয়ে ও এই কাজ করিয়েছে। সুদীপের বাড়িতে বসেই ঠিক হয়েছে আমার বাড়িতে ইডি আসবে”। একইসঙ্গে তাঁর পালটা প্রশ্ন. “আমার বাড়িতে কেন ইডি আসবে বলুন তো”?

বরানগর বিধানসভা কেন্দ্রে তাঁকে টিকিট দেওয়ার প্রসঙ্গও এদিন টেনে আনেন তাপস রায়। বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়-শান্তনু সেন এবং মুকুল রায়ের যোগসাজশেই তাপস রায়কে বরানগরে পাঠানো হয়েছিল। কারণ, ওই এলাকা বামেদের শক্তঘাঁটি ছিল। ওঁরা ভেবেছিল, আমি ওখানে জিততে পারব না। কিন্তু পর পর তিনবার ওখান থেকে বিধায়ক হয়েছি আমি”।

RELATED Articles