রঙের উৎসবে রণক্ষেত্র বৃন্দাবন! পুলিশকর্মীদের বেধড়ক পেটালো আরএসএস ও বিজেপি

আজ দোল পূর্ণিমা। বৃন্দাবনে আজ খুশির উৎসব। কিন্তু এই বছর আনন্দের দিন বদলে চেহারা নিল রণক্ষেত্রের। রংয়ের উৎসবকে কেন্দ্র করে পুলিশ এবং আরএসএস সমর্থকদের মধ্যে চললো খণ্ডযুদ্ধ। পুলিশকর্মীদের পেটানোর অভিযোগ উঠল আরএসএস ও বিজেপির সমর্থকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় এক পুলিশকর্মীকে হেলমেট দিয়ে মারছে এক যুবক। তিনি সরে যাওয়ার পরেও ফের তাঁকে মারতে তাড়া করছে অভিযুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর।

এই ঘটনার পিছনে কারণ হিসেবে জানা গেছে, আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জেলা প্রচারক মনোজ কুমার শনিবার দুপুরে যমুনা নদীতে স্নান করতে যান। তখন তিনি রেলিং পার হয়ে নদীতে নেমেছিলেন। সেই সময় তাঁকে পুলিশকর্মীরা জলে নামতে মানা করেন। মনোজের অভিযোগ, এরপর তাঁর সঙ্গে পুলিশের বচসা শুরু হলে পুলিশকর্মীরা এসে তাঁকে মারধর করেন। আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই আরএসএস ও বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় জমায়েত শুরু করে। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে কর্মীরা। তারা ২-৩ জন পুলিশকর্মীদের উপরেও চড়াও হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এক পুলিশকর্মীকে হেলমেট দিয়ে মারতে থাকে এক যুবক। তিনি সরে যাওয়ার পরও তাঁকে মারতে মারতে তাড়া করে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মথুরার ইউনাইটেড জেলা হাসপাতালের সামনে অনশনে বসেন বিজেপি মহানগর সভাপতি বিনোদ আগরওয়াল।

এর পরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকায় পৌঁছন জেলা ম্যাজিস্ট্রেট, এসএসপি এবং অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। গোকুলের বিধায়ক পুরান প্রকাশ, সার্কেল অফিসার এবং কুম্ভ ইনচার্জও তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন।আরএসএস এবং বিজেপি সমর্থকরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। মনোজ কুমারের একজন সহযোগীর বিরুদ্ধে সাব-ইন্সপেক্টর সহ চার পুলিশ সদস্যকে নিগ্রহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

RELATED Articles