‘‘দেশপ্রেমিক হন! গাজ়া-প্যালেস্টাইনের জন্য কথা বলা দেশপ্রেম নয়’’—সিপিএমকে হাই কোর্টের কড়া বার্তা!

গাজ়া-প্যালেস্টাইন নিয়ে গোটা বিশ্ব যখন উত্তাল, তখন ভারতের মাটিতেও এই সংকট ঘিরে নানা মতপার্থক্য মাথাচাড়া দিয়ে উঠছে। আন্তর্জাতিক বিষয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করা কি অপরাধ? নাকি দেশের নাগরিকদের সেই অধিকার রয়েছে? এই বিতর্কের কেন্দ্রেই এবার উঠে এল বম্বে হাই কোর্টের এক পর্যবেক্ষণ, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।

ইজ়রায়েলের বিরুদ্ধে গাজ়া ভূখণ্ডে গণহত্যার অভিযোগ তুলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে একটি প্রতিবাদ সভা করতে চেয়েছিল ‘অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন’ (AIPSF)। এই সংগঠনটি বামপন্থীদের প্রভাবাধীন। কিন্তু মুম্বই পুলিশ সেই সভার অনুমতি দেয়নি। এর পরেই পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় সিপিএম, এই সংগঠনের সমর্থনে।

শুক্রবার বম্বে হাই কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি গৌতম আনখড়ের বেঞ্চ সরাসরি সিপিএমকে উদ্দেশ করে বলেন, ‘‘আপনারা সবাই অদূরদর্শী। গাজ়া আর প্যালেস্টাইন নিয়ে ব্যস্ত। নিজের দেশের জন্য কী করছেন? দেশপ্রেমিক হয়ে উঠুন।’’ একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, “এই দেশে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে—আবর্জনা, দূষণ, নর্দমা, বন্যা, এইসব বিষয়েই সক্রিয় হোন।’’

সিপিএমের হয়ে প্রবীণ আইনজীবী মিহির দেশাই সওয়াল করলেও আদালত পুলিশের সিদ্ধান্তকে সমর্থন করে এবং সিপিএমের আর্জি খারিজ করে দেয়। তবে এখানেই থেমে থাকেনি সিপিএম। দলের পলিটব্যুরো এক বিবৃতিতে এই পর্যবেক্ষণের কড়া সমালোচনা করে জানায়, আদালতের এই মন্তব্য অসাংবিধানিক এবং এটি রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক বিচার আদালত (ICJ), এমনকি মহাত্মা গান্ধীর প্যালেস্টাইন সংক্রান্ত অবস্থানের বিরোধী।

আরও পড়ুনঃ Admission Crisis: ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে মেধা, যাদবপুরে ভর্তির আবেদন কমে অর্ধেকেরও নিচে!

এই ঘটনার পরে আবারও প্রশ্ন উঠছে—একজন নাগরিক বা সংগঠন কি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না? মত প্রকাশের স্বাধীনতা কি শুধুই দেশের অভ্যন্তরীণ ইস্যুতে সীমাবদ্ধ? যদিও আদালতের বক্তব্য স্পষ্ট—দেশপ্রেম আগে, অন্য দেশ নয়। কিন্তু এই নিরিখে মতবিরোধকে কতটা জায়গা দেওয়া হবে, সেটাই এখন চর্চার বিষয়।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles