‘হর ঘর তেরঙ্গা’! মোদীর ডাকে সাড়া দিয়ে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন হিজবুল জঙ্গির ভাই, ভাইরাল ভিডিও

রাত পোহালেই দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। আর এর আগেই কাশ্মীরে ঘটল এক চমকপ্রদ ঘটনা। হিজবুল গোষ্ঠীর সদস্য জঙ্গি জাভেদ মাটুর ভাই রইস মাটু কাশ্মীরে নিজের বাড়িতেই তেরঙ্গা উত্তোলন করলেন। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ালেও সেই ঘটনার ভিডিও দুর্নিবার গতিতে ভাইরাল হয়েছে।

কী উদ্যোগ নিয়েছে কেন্দ্র?

চলতি বছরে কেন্দ্রীয় সরকারের তরফে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম ‘হর ঘর তেরঙ্গা’। এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে কাশ্মীরের প্রতিটি বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন সেখানকার বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ‘হর ঘর তেরঙ্গা’ প্রকল্পে অংশ নেওয়ার জন্য কাশ্মীরের সকল বাসিন্দাদের আহ্বান জানান। ১৩ থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার অনুরোধ করা হয়েছে সকলকে।

এদিকে, কাশ্মীরে হিজবুল গোষ্ঠীর সদস্য জঙ্গি জাভেদ মাটুর ভাই রইস মাটু নিজের বাড়িতে তেরঙ্গা উত্তোলন করেছেন, এমন ভিডিও দেখে সকলের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কী তিনিও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন? যদিও অনেকেই আবার এই বিষয়টিকে ততটা সহজভাবে নিতে নারাজ। অনেকের মতেই, এমন ঘটনার নেপথ্যে অন্য কোনও বড়সড় হামলার পরিকল্পনা থাকলেও থাকতে পারে।

কে এই জাভেদ মাটু?

রইস মাটুর দাদা জাভেদ মাটু ওরফে ফইজল, সাকিব অথবা মুসেইব হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য। সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত সে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে প্রকাশিত কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় প্রথম দশ জনের মধ্যেই নাম রয়েছে এই জাভেদ মাটুর। সেই কারণে তার ভাইয়ের এমন তেরঙ্গা উত্তোলন কোনওভাবেই ভালোভাবে মেনে নিতে পারছেন না অনেকেই।

আরও অন্যান্য খবর