দেশজোড়া করোনার প্রাদুর্ভাবের কারণে চলছে একুশ দিনের লকডাউন। এরই মাঝে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিএসএসএল। এই সংস্থার পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গ্রাহকদের সুবিধার্থে বৈধতা এবং টকটাইমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
লকডাউন শুরু হয়েছে ২৪ শে মার্চ। চলবে ১৪ ই এপ্রিল পর্যন্ত। সংস্থাটি জানিয়েছে যেসব গ্রাহকদের রিচার্জের মেয়াদ ২২ শে মার্চের পরেই শেষ হয়েছে এবং লকডাউনজনিত কারণে পুনরায় রিচার্জ করা সম্ভবপর হয়নি, তাদের সুবিধার্থেই বিনামূল্যে এই মেয়াদ বাড়িয়ে ২০শে এপ্রিল পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা ইনকামিং কলের সুবিধে ভোগ করতে পারবেন।
এরই সাথে বিএসএসএল আরোও জানিয়েছে, যেসব গ্রাহকের ব্যালেন্স শূন্যতে পৌঁছেছে, তাদের সকলকে দশ টাকার একটি টকটাইম দেওয়া হবে। মূলত আপতকালীন পরিস্থিতিতে যাতে কেউ সমস্যায় না পড়েন তাই এই ব্যবস্থা।
বিএসএসএলের এই প্ল্যান ঘোষণার পরেই টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “আমি অন্যান্য প্রাইভেট টেলিকম সংস্থাগুলিকেও এই লকডাউনের দিনগুলোয় বিএসএসএলকে অনুসরণ করতে অনুরোধ জানাচ্ছি।”





