ব্যাঙ্ক জালিয়াতি করে ৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল পঞ্জাবের আম আদমি পার্টির বিধায়ক যশবন্ত সিং গাজ্জান মাজতার বিরুদ্ধে। গতকাল, শনিবার ওই বিধায়কের বাড়ি ও একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই।
সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, অমরগড়ের এই বিধায়কের মালের কোটলার পৈতৃক বাড়ি ও আরও তিন জায়গায় এদিন অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বিধায়ক যশবন্ত সিং গাজ্জান মাজতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।
সেই মামলার প্রেক্ষিতেই গতকাল, শনিবার ওই বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। জানা গিয়েছে, এদিন অভিযান চালানোর সময় যশবন্ত সিং গাজ্জান মাজতার স্বাক্ষর করা ৯৪টি চেক ও বেশ কিছু আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়।
সূত্রের খবর, ওই বিধায়কের বাড়ি ও অন্যান্য স্থানগুলিতে অভিযান চালিয়ে নগদ ১৬ লক্ষ ৫৭ হাজার টাকা, ৮৮টি বিদেশি নোট, বেশ কিছু সম্পত্তির কাগজপত্র এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য অপরাধের নানান নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই দল।
বলে রাখি, গত শুক্রবারই ডিবিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গাকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। জানা যায়, পাঞ্জাব পুলিশের ৫০ জনের একটি দল ওই নেতার দিল্লির বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করে। সেখান থেকে ওই নেতাকে নিয়ে যাওয়া হয় মোহালিতে।
এরপরই তেজিন্দর পাল সিং বাগ্গার বাবা দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানান যে পাঞ্জাব পুলিশ তাঁর ছেলেকে অপহরণ করেছে। এমন অভিযোগের ভিত্তিতেই কুরুক্ষেত্রের কাছে দিল্লি পুলিশের কনভয় আটকায় হরিয়ানা পুলিশ। সেখান থেকে বাগ্গাকে দিল্লিতে ফিরিয়ে আনে দিল্লি পুলিশ। আর এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আম আদমি পার্টির নেতার বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল।






