জোম্যাটো ডেলিভারি পার্টনারদের জন্য বড় সুখবর। এবার জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়েল জোম্যাটো ফিউচার ফাউন্ডেশনে তাঁর ৭০০ কোটি টাকা কর্মচারী স্টক অপশন প্ল্যান অনুদান দিলেন।
জোম্যাটো ফিউচার ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে যে সমস্ত জোম্যাটো ডেলিভারি পার্টনারদের দুই সন্তানের শিক্ষা নিশ্চিত করা হবে। জানা গিয়েছে, শিশু প্রতি ৫০ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হবে। যে সমস্ত জোম্যাটো ডেলিভারি পার্টনারদের পরিষেবার গুণমান ভালো ও যাঁরা এই সংস্থা ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন, তারা এই বিশেষ পরিষেবা পাবেন।
অভ্যন্তরীণ নোটে জোম্যাটোর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল লেখেন, “আমি এই ESOPs থেকে প্রাপ্ত সমস্ত আয় দান জোমাটো ফিউচার ফাউন্ডেশনে দান করছি”।
জোমাটো সিইও আরও জানান যদি ডেলিভারি পার্টনার জোম্যাটোতে ১০ বছর পূর্ণ করেন, তাহলে শিশু প্রতি এই টাকা বছরে ১,০০,০০০ টাকা পর্যন্ত বাড়বে। মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য ৫ অথবা ১০ বছরের পরিষেবার থ্রেশহোল্ড কম হবে বলেও জানা গিয়েছে।
এই পরিষেবাতে শিশুকন্যাদের জন্য বিশেষ রয়েছে। কোনও ডেলিভারি পার্টনারের মেয়ে যদি দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশ করে, তাহলে তাদের জন্য চালু করা হবে ‘পুরস্কার অর্থ’। জোম্যাটো ফিউচার ফাউন্ডেশন মেধাবী শিশুদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করবে বলেও জানিয়েছে।
এছাড়াও, যারা চাকরি করাকালীন কোনও দুর্ঘটনায় কোনও দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হয়েছেন, সেক্ষেত্রে তাদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা করবে এই জোম্যাটো ফিউচার ফাউন্ডেশন। এমন সব ডেলিভারি পার্টনারের পরিবারের জীবিকাগত ও শিক্ষাগত সহায়তা প্রদান করা হবে বলে জানা গিয়েছে জোম্যাটো ফিউচার ফাউন্ডেশনের তরফে।






