ভারতে করোনা সংক্রমণের মাত্রা ছাড়িয়েছে দেড়শোর কোটা। এমতাবস্থায় কাজও হারাচ্ছেন অনেকে। দিন আনেন দিন খান এমন কাজ যাঁরা করেন তাঁরা সবচেয়ে মুশকিলে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বড় সমস্যায় পড়তে পারেন গরিব মানুষরা। এই অবস্থায় দরিদ্র ও কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এককালীন টাকা দিতে পারে কেন্দ্র।
মূলত দারিদ্রসীমার নীচে বসবাসকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে মোদী সরকার। সর্বভারতীয় বেসরকারী সংবাদমাধ্যম লাইভ মিন্টের দাবি, ইতিমধ্যেই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতর ভাবনা চিন্তা শুরু করেছে।
সরকারি তরফে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর দফতর ও অর্থমন্ত্রক এনিয়ে ভাবনাচিন্তা শুরু করছে। এমনকী কী ভাবে এই প্রকল্প কার্যকর করা যায় তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে বলে দাবি। তবে এর ফলে কত টাকা দেওয়া হতে পারে বা ঠিক কাদের দেওয়া হতে পারে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি এখনও।
এর মধ্যেই বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ তিনি জানিয়েছেন, এবার থেকে রেশনে একসঙ্গে ৬ মাসের খাদ্যশস্য তোলা যাবে৷ দেশের ৭৫ কোটি মানুষ গণবণ্টন সিস্টেমের আওতায় পড়েন। এবার থেকে চাইলে তাঁরা ৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলে নিতে পারবেন। এ ব্যাপারে রাজ্য সরকারগুলির কাছেও নির্দেশ পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
পাঞ্জাব সরকার আগেই এই নিয়ম চালু করেছিল। এবার সারা দেশেই চালু হবে নয়া নিয়ম। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন যে আপাতত সরকারের গুদামে ৪৩৫ লক্ষ টন উদ্বৃত্ত খাদ্যশস্য মজুত রয়েছে। যার মধ্যে ২৭২.১৯ লক্ষ টন চাল এবং ১৬২.৭৯ লক্ষ গম রয়েছে। পাসওয়ানের কথায়, আসন্ন এপ্রিল মাসের ক্ষেত্রে গণবন্টন ব্যবস্থার জন্য প্রয়োজন ১৩৫ লক্ষ টন চাল আর ৭৪.২ লক্ষ টন গম।





