তবে এবার থেকে হয়তো এই ধরনের তথ্য প্রকাশ্যে আসবে। কারণ এবার থেকে ভারতের সমস্ত যুদ্ধ সামরিক অভিযানের তথ্য প্রকাশ করার ক্ষেত্রে অনুমতি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের তথ্য প্রকাশ্যে না আসার কারণ হিসেবে দেশীয় নিরাপত্তাকেই তুলে ধরা হয়। কিন্তু এবার দেশের যুদ্ধ বা যুদ্ধের মতোই সমান গুরুত্বপূর্ণ কার্যকলাপের যাবতীয় তথ্য গোপন না রেখে তা জনসাধারণকে জানানো আর প্রকাশ করা নিয়ে নতুন নীতির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগে এই সব তথ্য মূল্যায়নের প্রস্তাব দিয়েছিলেন কার্গিল রিভিউ কমিটির প্রধান কে সুব্রাহ্মণিয়ম ও এনএন ভোরা কমিটি।
গতকাল অর্থাৎ শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সংরক্ষণ বিশেষজ্ঞরা দেশের ২৫ বছরেরও আগের যুদ্ধ ও কার্যকলাপ সংক্রান্ত তথ্য মূল্যায়ন করবেন। এর পর তা সংকলন করে পাঠিয়ে দেবেন দেশের জাতীয় সংরক্ষণাগারে। এখন থেকে দেশের যুদ্ধের ইতিহাসের সংরক্ষণের কাজে অন্যান্য বিভাগগুলির সঙ্গে একসঙ্গে মিলে কাজ করবে প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগ। আর এই কমিটির প্রধান হবেন প্রতিরক্ষা মন্ত্রকের একজন যুগ্মসচিব। দেশের বিখ্যাত ইতিহাসবিদ সহ স্বরাষ্ট্র মন্ত্রক, সামরিক বাহিনী, বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও এই কমিটিতে থাকবেন।





