করোনা মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জন ধন অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে টাকা। ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসেই প্রথম পর্বের টাকা দেওয়া হয়ে গেছে। আগামী সোমবার দেওয়া হবে দ্বিতীয় পর্বের টাকা।
শনিবার অর্থ মন্ত্রক এই ঘোষণা করেছে। ৪ মে অর্থাৎ সোমবার থেকে সেই টাকা দেওয়া হবে। প্রত্যেক মহিলা, অর্থাৎ যাঁদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, তাঁদেরকেই এই টাকা দেওয়া হবে।
২৬ মার্চ ওই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রত্যেক মহিলাকে আগামী তিন মাস ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী গরীব কল্যান প্যাকেজের আওতায় এই টাকা দেওয়া হচ্ছে।
ওই টাকা ব্যাংক থেকে তোলার পাশাপাশি এটিএম থেকেও তোলা যাবে। মাসের শেষে ব্যাংকের ভিড় এড়াতে ৪-৫ দিন পিছিয়ে দেওয়া হয়েছে টাকা দেওয়ার সময়। যাদের অ্যাকাউন্ট নম্বর ১ দিয়ে শেষ তারা ৪ তারিখে টাকা তুলতে পারবেন, যাদের অ্যাকাউন্ট নম্বর ২ ও ৩ দিয়ে শেষ তারা ৫ তারিখে টাকা তুলতে পারবেন।
এদিকে, কাল থেকেই তৃতীয় দফার লকডাউন। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক এই লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছে। আরও দু’সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়েছে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন।






