এবার বিষাক্ত গ্যাস দুর্ঘটনার শিকার ছত্তিশগড়! কাগজকলে গ্যাস লিকের ফলে অসুস্থ সাত।

একই দিনে কিছু সময়ের পার্থক্যে ঘটল দুটি গ্যাস দুর্ঘটনা। ভাইজ্যাগের পর এবার ছত্তিশগড়।

কাগজের কারখানা থেকে লিক করল এবার বিষাক্ত গ্যাস। আপাতত অসুস্থ সাত কর্মী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়গড়ের একটি কাগজকলে। এমনটাই জানিয়েছেন রায়গড়ের এসপি সন্তোষ সিং। লকডাউন বিধি মেনে কারখানার শিফ্‌ট চালু হয় এই দিনও। ঘটনার সময় সেখানে ডিউটিতে ছিলেন বেশ কয়েকজন কর্মী। আচমকা কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক করতে শুরু করলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন সাতজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ কর্মীদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে দমকল এবং পুলিশ কর্মীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। কারখানা সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে গ্যাস লিক করল তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জেরা করা হচ্ছে কাগজকলের মালিককে।

আজ সকালেই ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কবলে পরে ভাইজ্যাগ! বৃহস্পতিবার ভোর রাতে এই গ্যাস লিক হয় গোপালাপত্তনমের এলজি পলিমার্স লিমিটেডের কারখানায়। বেলা বাড়তেই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রায় হাজারের ওপর মানুষ এই বিষাক্ত গ্যাসের ছোবলে অসুস্থ বলে জানা গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১১ জন। হাসপাতালে ভর্তি শতাধিক। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও অন্যান্য খবর