বাড়ির সামনে দুই মদ্যপকে সেখানে মদ খেতে দেখে আপত্তি জানিয়েছিলেন এক বৃদ্ধ। যার শাস্তিস্বরূপ ওই বৃদ্ধকে প্রথমে মাথা থেতলে, তারপর কুপিয়ে খুন করল ওই যুবকদ্বয়। এই ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভিলাইতে।
পুলিশ সূত্রে জানতে পারা গেছে, সোমবার রাতে খাবার খেয়ে নিজের বাড়ির বাইরে হাঁটতে বেড়িয়েছিলেন ওই বৃদ্ধ। নাম, রাম চৌহান। সেই সময়ই তিনি তাঁর বাড়ির সামনে দু’জনকে মদ্যপান করতে দেখেন। প্রথমে কিছু না বললেও পরে তাদের সেখানে আসর জমাতে দেখে অন্যত্র চলে যেতে বলেন। এতে প্রচন্ড রেগে গিয়ে বৃদ্ধ রাম চৌহানকে আক্রমণ করে তারা।
বৃদ্ধের আওয়াজ শুনে ছুটে আসে বাড়ির লোক। কিন্তু এসেও কিছুই করতে পারলেন না তাঁরা। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বৃদ্ধ রাম চৌহানের উপর আক্রমণ চালায় ওই দুই যুবক। প্রথমেই তাঁর পা ভেঙে দেওয়া হয়। এরপর ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে শরীরে ধারালো অস্ত্র প্রয়োগ করা হয়।
রাম চৌহানের দেহকে তারা ১৫০ বার কোপায়, যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর উল্লাসের সাথে তারা চেঁচিয়ে ওঠে, ‘খুব বেশি কথা বলছিল, এবার চৌহান খতম।’ পুলিশ অভিযুক্ত লোকেশ সাহু ও দুর্গেশ সাহুকে গ্রেপ্তার করেছে। ঘটনার নৃশংসতা দেখে স্তব্ধ গোটা দেশ।






