চীনকে যেন উচিত শিক্ষা দেয় ভারতীয় সেনাবাহিনী, দাবি জানালেন শহীদ জওয়ান রাজেশ-এর বাবা

“আমার ছেলের মৃত্যুর বদলা নিক ভারতীয় সেনা”, জোর গলায় দাবি জানালেন শহীদ জওয়ান রাজেশ-এর বাবা সুভাষ ওঁরাও। লাদাখে চীন সেনার সঙ্গে সংঘর্ষে যে কুড়িজন ভারতীয় সেনা শহীদ হয়েছে তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বীরভূমের তরুণ সেনা রাজেশ ওঁরাও (২৬)।

ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরে শোকে ভেঙে পড়ে একটা কথাই বলছেন সুভাষবাবু বারবার। তিনি তাঁর ছেলের জন্য গর্বিত। তার এখন ভারতীয় সেনাবাহিনীর কাছে একটাই অনুরোধ দেশের সেনাদের হত্যার জন্য চীনকে যেন উচিত জবাব দেওয়া হয়।

বীরভূমের মহম্মদবাজারের আদিবাসী গ্রাম বেলঘোরিয়ার ছেলে বিহার রেজিমেন্টের সেপাই রাজেশ ওরাঁওয়ের পরিবারে রয়েছেন মা ও দুই বোন। বড় বোনের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। মঙ্গলবার রাজেশের কাকার ফোনে সেনাবাহিনী তরফে জানানো হয় রাজেশ-এর মৃত্যুর সংবাদ। তারপরই গোটা পাড়া শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

কলেজে দ্বিতীয় বর্ষে পড়ার সময়েই সেনাবাহিনীতে যোগ দেন রাজেশ। পরিবারে তিনিই একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। নিজের পাকা বাড়িটাও তৈরি করিয়েছিলেন রাজেশ। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শেষ বার বাড়ি এসেছিলেন এই বীর তরুণ।

কাকা নগেন ওঁরাও জানিয়েছেন, ছোট থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল রাজেশের। তার পরই তা পরিণত হয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার দিকে। যদিও অকালে ঝরে যেতে হলো এক তরুণ প্রাণকে কিন্তু নিজের দেশের জন্য প্রাণ দেওয়ায় গর্বে বুক ফুলে উঠছে তার পরিবার ও গোটা পাড়ার।

RELATED Articles

Leave a Comment